প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম জেলা প্রশাসন তরুণ প্রজন্মকে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি পর্যটনসমৃদ্ধ ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া, জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করার উদ্যোগ নিয়েছে তারা।
রোববার (২২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, চট্টগ্রামে যোগদানের পর থেকেই তাকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বড় দায়িত্ব ছিল সরকারি কর্মচারীদের সামনে। নির্বাচনের পর জঙ্গল সলিমপুরের মতো জটিল সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এছাড়া, আকস্মিক বন্যা, বিভিন্ন উৎসব ও জাতীয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার দায়িত্বও পালন করতে হয়েছে।
তিনি বলেন, সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলো শতভাগ স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে জেলা প্রশাসন কাজ করেছে। বিশেষ করে গত এক বছরে এবং সর্বশেষ দুই মাসে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর দুটি সফর জেলা প্রশাসনসহ পুরো চট্টগ্রামের প্রশাসনিক পরিবারকে অনুপ্রাণিত করেছে।
চট্টগ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, এ জেলার নিজস্ব ঐতিহ্য ও বর্তমান বাস্তবতার সমন্বয়ে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা সাজানো হচ্ছে। জেলা প্রশাসন তরুণ ও মেধাবী প্রজন্মকে মানবিক মূল্যবোধসম্পন্ন, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি আরও জানান, জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। জেলে পরিবারের সন্তানদের শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং শিক্ষার মাধ্যমে তাদের জীবনমান পরিবর্তনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে, কয়েক প্রজন্ম ধরে জেলে পরিবারগুলোর জীবনযাত্রায় যে সীমাবদ্ধতা রয়েছে, তা কাটিয়ে ওঠার অন্যতম মাধ্যম হতে পারে শিক্ষা।
চট্টগ্রামকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলেও জানান তিনি।
তিনি বলেন, একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেম নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জেলা প্রশাসনের প্রতিটি কর্মকর্তার মধ্যে পেশাগত দক্ষতা ও ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে চান তিনি। নাগরিকদের যেন দ্রুত ও সময়মতো সরকারি সেবা প্রদান করা হয়, সীমিত সরকারি সম্পদের যথাযথ ব্যবহার হয় এবং প্রতিটি সেবা যেন স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করা যায়, সে লক্ষ্যেই কাজ করবে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এ সময় তিনি সাংবাদিকদের সুচিন্তিত পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রণয় চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকতসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন