প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি মাল্টি ল্যাটারাল (বহুপার্শ্বিক) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি এইচএসসি পরীক্ষা চলাকালে নিজ কার্যালয়ে বসে মদ্যপান ও মাতলামি করেছেন।
এই ঘটনার একটি ভিডিও গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়।
তিনি আরো বলেন, ভিডিওটি নজরে আসার পর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রধান শিক্ষক রুহুল আমিনকে শোকজ করেন এবং তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষক মদ্যপ অবস্থায় নিজ কার্যালয়ে প্রবেশ করেন এবং উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন। এর ফলে পরীক্ষার পরিবেশ ব্যাহত হয় এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। পরে প্রধান শিক্ষকের স্বজনরা এসে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে নিয়ে যান।
সেখানে থাকা একাধিক অভিভাবক জানান, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে আসছেন। তিনি মাঝে মাঝে বিদ্যালয়ের কার্যালয়ে বসে মদ্যপান করেন এবং অস্বাভাবিক আচরণ ও চিৎকার-চেঁচামেচি করেন। তার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কেউ প্রকাশ্যে প্রতিবাদ বা অভিযোগ করতে সাহস পান না।
ঘটনার পর অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, "মানসিক অশান্তির কারণে মদ্যপান করেছিলাম। তখন মাথা ঠিক ছিল না। মদ্যপ অবস্থায় কী বলেছি বা করেছি, তা মনে নেই। তবে বিদ্যালয়ে মদ্যপ অবস্থায় আসা আমার ঠিক হয়নি। এটি অন্যায় হয়েছে।"
এই বিষয়ে ইউএনও বলেন, প্রধান শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। তিনি আরো বলেন, "জবাব সন্তোষজনক না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন