প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ময়মনসিংহের আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় আদালত দুই আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ের আওতায় মামলার আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৩ বছর ধরে চলমান আইনি প্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে বিচারকের পক্ষ থেকে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হচ্ছেন মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আ. মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন মোসা, মো. মোফাজ্জল হোসেন মোসা, মো. তোফাজ্জল হোসেন তোফা, মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল ও মো. সিদ্দিক মিয়া।
আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ১০ জন আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মাসুদ মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সিদ্দিক মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার বিবরণীতে প্রকাশ পায় যে, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয় প্রতিপক্ষদের দ্বারা। হত্যাকাণ্ডের পরদিন ১৫ আগস্ট নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ ১৩ বছরের বিচারিক প্রক্রিয়া এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ ও জেরা পর্যালোচনা করার পর আদালত আজ এই রায় দিয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং স্পেশাল জজ আদালতের পিপি মো. আকরাম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। তারা দাবি জানিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তার করে রায় কার্যকর করার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন