প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুনামগঞ্জ, ৩১ জুলাই, ২০২৬ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওর ও অন্যান্য এলাকায় চলমান উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা সফরের অংশ হিসেবে তিনি নির্মাণাধীন উড়াল সড়ক এবং সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়ন প্রকল্প এলাকা ঘুরে দেখেন জামালগঞ্জের হালির হাওর এলাকায়।
পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের সার্বিক অগ্রগতি, নির্মাণ কাজের গুণগত মান এবং বাস্তবায়নের বর্তমান অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে পারেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ মান নিশ্চিত করে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি হাওরের জীববৈচিত্র্য ও স্থানীয় বসতবাড়ির সম্ভাব্য ক্ষতির বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে হাওরের জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে এবং মানুষের ঘরবাড়ির কোনো ক্ষতি না হয়। পরিকল্পনায় এসব বিষয়কে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর একটি সেতুও নির্মাণ করা হবে।
তিনি আরো বলেন, জামালগঞ্জ-ধর্মপাশা-তাহিরপুর মধ্যনগর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মতিন খান, জেলা নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন