প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খাবার খাওয়ার পর পেট ভার হয়ে থাকা, পেট ফুলে যাওয়া, ঘন ঘন ঢেকুর বের হওয়া কিংবা পেটে গ্যাস জমে ব্যথা—এ ধরনের সমস্যায় অনেকেই ভোগেন। কখনও কখনও এই অস্বস্তি এতটাই বৃদ্ধি পায় যে দৈনন্দিন কাজকর্মে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত খাবার গ্রহণ, অনিয়মিত খাদ্যাভ্যাস, কোষ্ঠকাঠিন্য এবং কিছু নির্দিষ্ট খাবার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।
হজমের সময় অন্ত্রে গ্যাস তৈরি হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে যখন অতিরিক্ত গ্যাস জমে যায় কিংবা সহজে বের হতে পারে না, তখন পেট ফাঁপা ও ব্যথার মতো সমস্যা দেখা দেয়। কিছু পরিচিত খাবার ও মসলা হজমের অস্বস্তি কমাতে সহায়ক হতে পারে। রান্নাঘরে থাকা এমন ৯টি উপাদান সম্পর্কে জানানো হলো।
১. হলুদ
হলুদ শুধু রান্নার স্বাদ ও রং বাড়ায় না, এতে রয়েছে প্রদাহ কমাতে সহায়ক কিছু উপাদানও। বদহজমজনিত অস্বস্তি থাকলে প্রতিদিনের খাবারে পরিমিত হলুদ ব্যবহার করা যেতে পারে। তবে হলুদ খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা দূর হবে, এমন নিশ্চয়তা নেই।
২. রসুন
রসুনে থাকা বিভিন্ন সক্রিয় উপাদান স্বাস্থ্যের জন্য উপকারী। কিন্তু গ্যাসের সমস্যায় এটি সবার জন্য একইভাবে কাজ করে না। বরং অনেকের ক্ষেত্রে রসুন খাওয়ার পর পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা বেড়ে যেতে পারে। তাই রসুন খাওয়ার পর অস্বস্তি অনুভব করলে এর পরিমাণ কমিয়ে দেওয়া উচিত।
৩. তারকা মৌরি
সুগন্ধি মসলা হিসেবে পরিচিত তারকা মৌরি বা স্টার অ্যানিস দীর্ঘকাল ধরে হজমের অস্বস্তি কমাতে ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে। চাইলে চায়ের সঙ্গে অল্প পরিমাণে এটি ব্যবহার করা যেতে পারে। তবে গ্যাস দূর করার নিশ্চিত উপায় হিসেবে একে বিবেচনা করা উচিত নয়।
৪. পেঁপে ও আনারস
হজমে সহায়তা করতে পারে এমন ফলের মধ্যে পেঁপে ও আনারস উল্লেখযোগ্য। পেঁপেতে থাকা প্যাপেইন এবং আনারসের ব্রোমেলেইন নামের এনজাইম খাবারের প্রোটিন ভাঙতে সাহায্য করে। তাই পরিমিত পরিমাণে পাকা পেঁপে ও আনারস খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
৫. আদা
হজমের অস্বস্তি ও বমিভাব কমাতে আদার ব্যবহার বেশ প্রচলিত। এতে থাকা জিঞ্জেরলসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান হজমপ্রক্রিয়ায় সহায়তা করতে পারে। খাবার খাওয়ার পর এক কাপ হালকা আদা-চা পান করলে আরাম পাওয়া যেতে পারে। তবে অতিরিক্ত আদা খাওয়া উচিত নয়।
৬. পুদিনাপাতা
পেট ফাঁপা ও হজমের অস্বস্তি কমাতে পুদিনাপাতা অনেকেই ব্যবহার করেন। এর মেনথল অন্ত্রের পেশি শিথিল করতে সহায়তা করতে পারে। খাবারের পর কয়েকটি পুদিনাপাতা চিবিয়ে খাওয়া কিংবা পুদিনা-চা পান করার অভ্যাস করা যেতে পারে। তবে যাদের অ্যাসিড রিফ্লাক্স বা বুকজ্বালার সমস্যা রয়েছে, তাদের জন্য পুদিনা অস্বস্তি বাড়িয়ে দিতে পারে।
৭. মৌরি ও এলাচ
খাবারের পর মুখের স্বাদ বদলাতে মৌরি খাওয়ার প্রচলন রয়েছে। পাশাপাশি হজমের অস্বস্তি কমাতেও ঐতিহতভাবে মৌরি ও এলাচ ব্যবহার করা হয়। খাবারের পর অল্প মৌরি চিবিয়ে খাওয়া যেতে পারে। চাইলে গরম পানিতে সামান্য মৌরি ও এলাচ মিশিয়েও পান করা যেতে পারে।
৮. প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার
অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। টক দই, কেফির এবং বিভিন্ন ফারমেন্টেড খাবারে এসব উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায়। নিয়মিত খাদ্যতালিকায় এগুলো রাখলে হজমের স্বাভাবিক প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যেতে পারে। তবে ল্যাকটোজ অসহিষ্ণুতা থাকলে দুগ্ধজাত খাবার খেলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে।
৯. ক্যামোমাইল চা
শরীর ও মনকে শান্ত করতে ক্যামোমাইল চায়ের ব্যবহার বেশ পরিচিত। পাশাপাশি হজমের অস্বস্তি কমাতেও অনেকে এই চা পান করেন। পেটের অস্বস্তি অনুভব করলে এক কাপ ক্যামোমাইল চা পান করা যেতে পারে। তবে ক্যামোমাইল কিংবা একই গোত্রের ফুলে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলা জরুরি।
গ্যাস ও পেট ফাঁপা কমাতে দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনুন।
কিছু খাবার ও মসলা হজমে সহায়ক হলেও শুধুমাত্র এগুলোর ওপর নির্ভর করা উচিত নয়। পেটের গ্যাস ও ফাঁপার সমস্যা নিয়ন্ত্রণে জীবনযাপনের কিছু অভ্যাসও গুরুত্বপূর্ণ। যেমন-
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
মাঝেমধ্যে গ্যাস বা পেট ফাঁপা হওয়া স্বাভাবিক হলেও সমস্যা নিয়মিত দেখা দিলে কিংবা দীর্ঘদিন স্থায়ী হলে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে পেটব্যথার পাশাপাশি ডায়রিয়া, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, অকারণে ওজন কমে যাওয়া বা বমির মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তীব্র বা হঠাৎ শুরু হওয়া পেটব্যথা হলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।
মনে রাখতে হবে, ঘরোয়া উপাদান সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী হজমের সমস্যার প্রকৃত কারণ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার বিকল্প নয়।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন