প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন তরুণের মৃত্যু ঘটেছে।
ঘটনাটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার কাঞ্চনপুর-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজসংলগ্ন স্থানে ঘটে।
নিহত তরুণদের মধ্যে রয়েছেন পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. শাহাদাত হোসেন (১৯), হাজী গ্রামের শিউলী একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে মো. আব্দুল করিম (১৭) এবং পূর্ব চরভাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে মো. শামিম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আব্দুল করিম তার দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে কাঞ্চন বাজার থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডারের দিকে যাচ্ছিল। নির্মাণাধীন একটি ব্রিজ থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়, যার ফলে তিন আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুই তরুণকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে আহত অবস্থায় ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তারা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এর মধ্যে দুজন সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায়।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন