প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাণিজ্য, শিল্প ও বস্ত্র এবং পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই অগ্রগতির জন্য নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে পরিবারে। এই লক্ষ্যে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি শুক্রবার সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথাগুলো জানিয়েছেন।
মন্ত্রী বলেন, সংসারে অর্থের প্রয়োজন সবারই আছে। বিশেষ করে সন্তানরা মায়ের কাছেই বেশি আবদার করে। তাই সরকার মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যাতে পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা নিশ্চিত করা যায়।
তিনি জানান, নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ লাভের পর চাষাবাদের জন্য সরকারি প্রণোদনারও ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এ কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই সময় তিনি সিলেট সদরের শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি দেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ নিশ্চিত করতে খাল খনন কার্যক্রম আরও ত্বরান্বিত করতে হবে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাখার জন্য কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত বিশেষ অতিথির বক্তব্য দেন।
অন্যদিকে, এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন