প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের উপর ধমক দিয়েছেন এক অজ্ঞাতনামা সেনাসদস্য, যিনি সমাধিসৌধের দায়িত্বে ছিলেন। ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পর স্মৃতিসৌধের সামনে হাসাহাসি ও কথাবার্তায় মেতে ওঠার কারণে ওই সেনাসদস্য তাদের সতর্ক করেন।
বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হেগসেথ ও তার সঙ্গীরা স্মৃতিসৌধের সামনে ছবি তোলার পর হাসাহাসি ও কথাবার্তা বলছিলেন। এ সময় টহলরত এক সেনাসদস্য তাদের উদ্দেশে উচ্চস্বরে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’
হেগসেথের সঙ্গে তখন তার স্ত্রী জেনিফার, চিফ অব স্টাফ রিকি বুরিয়া, ডেপুটি চিফ অব স্টাফ প্যাট্রিক উইভার এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্যামি রাডাবাও উপস্থিত ছিলেন।
ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, সেনাসদস্য যথাযথভাবে ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘দেশকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী ও পুরো প্রতিরক্ষা বিভাগ সব সময় সেই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে। এই মর্যাদাপূর্ণ দিনটি পালনের সময় একজন সেনাসদস্য যথাযথভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা মনে করিয়ে দিয়েছেন।’
যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধস্মৃতিসৌধ হিসেবে পরিচিত টম্ব অব দ্য আননোন সোলজার। এটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনার সমাধিকে কেন্দ্র করে নির্মিত। ১৯৪৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরা দিন-রাত, বৃষ্টি কিংবা রোদ—সব পরিস্থিতিতে স্মৃতিসৌধটি পাহারা দিয়ে আসছেন।
ভেটেরানস ডে উপলক্ষে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
এদিকে সাম্প্রতিক সময়ে অভিশংসনের উদ্যোগের কারণে নতুন করে চাপের মধ্যে ছিলেন হেগসেথ। রিপাবলিকান দলের বিদায়ী কংগ্রেস সদস্য থমাস ম্যাসি তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তবে মঙ্গলবার রাতে এক প্রক্রিয়াগত ভোটে রিপাবলিকানরা সেই উদ্যোগ আটকে দেন। এরপর হেগসেথ ও তার সমর্থকেরা এটিকে নিজেদের অবস্থানের পক্ষে বিজয় হিসেবে তুলে ধরেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন