প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরবের হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমানোর আহ্বান জানানো হয়েছে, যাতে বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় হ্রাস পেতে পারে। এ বিষয়ে যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস প্রদান করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া।
সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সাথে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় এবং গতিশীল করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।
দুই পক্ষই পর্যটন, বেসামরিক বিমান চলাচল, এবং হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর আলোচনা করেন। সাক্ষাৎকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, "বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানোর লক্ষ্যে সৌদি সরকারের হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ কমালে তা অনেক বাংলাদেশি হজযাত্রীর জন্য উপকারী হবে।" উনি সৌদি রাষ্ট্রদূতের সহযোগিতা চান।
সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতি দেন। বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, হজযাত্রীদের আবাসনের জন্য ক্যাটাগরি ‘ডি’ সুবিধা না থাকায় আবাসন ব্যয় বৃদ্ধি পেয়ে গেছে। সেই কারণে সৌদি কর্তৃপক্ষের কাছে ক্যাটাগরি ‘ডি’ পুনর্বহালের জন্য সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মানোন্নয়ন, সুযোগ-সুবিধার বৃদ্ধি এবং হজের ব্যয় কমানোর ব্যাপারে সৌদি সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণে কাজ করবেন বলেও তিনি জানান।
সাক্ষাতের শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার সম্প্রসারণে একত্রে কাজ করার অঙ্গীকার করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন