প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার কসবা, কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং সীমান্তে পৃথক অভিযানে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে।
শুক্রবার (১৪ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল দ্বারা। তারা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় আলাদা আলাদা অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে।
জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় বাসমতি চাল, ফুচকা, বাজি, শিং মাছ, গরু, জনসন বেবি লোশন, ইয়াবা, মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া, সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নয়নপুর বাজার থেকে খাদলা বিওপির দিকে যাওয়ার সড়কের মাঝামাঝি এলাকায় মো. হাবিবুর রহমানের একটি গোডাউনে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবিরের নেতৃত্বে ভারতীয় বাসমতি চাল ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, জব্দ করা চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ৫০ লাখ ২১ হাজার ৫০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানিয়েছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেছেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন