প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙামাটির কাপ্তাইয়ে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে, যিনি পাহাড়ি সংগঠন জেএসএসের পরিচয় দিচ্ছেন। চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ পাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন তাৎক্ষণিকভাবে তৎপর হয়েছে। কাপ্তাই জোনের সেনাবাহিনী এবং স্থানীয় ব্যবসায়ী-ঠিকাদারদের সম্মিলিত উদ্যোগে চাঁদা দাবির অপচেষ্টা প্রতিহত করার অঙ্গীকার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের আপস্ট্রিম জেটিঘাট এলাকায় ৩৮ বীর কাপ্তাই সেনা জোন, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ব্যবসায়ী ও ঠিকাদাররা জানান, গত ১৫ দিন ধরে জেএসএসের চাঁদা সংগ্রহকারী পরিচয়ে সাচিং প্রু মারমা নামের এক ব্যক্তি তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যবসায়িক কার্যক্রম ও ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে তাঁরা অভিযোগ করেন।
বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করার পর কাপ্তাই জোন তাৎক্ষণিকভাবে সেনা টহল পাঠায়। সেনা সদস্যরা জেটিঘাট এলাকায় গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
এ সময় সেনা টহল কমান্ডার মেজর মো. এস. আরেফিন বলেন, "স্থল ও জলপথে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কাপ্তাই জোনের কুইক রিঅ্যাকশন ফোর্স (কিউআরএফ) সার্বক্ষণিক নজরদারি ও প্রস্তুতিতে রয়েছে।"
তিনি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের পরিচয়ে দেওয়া এ ধরনের হুমকিকে ভিত্তিহীন ও অসাড় আস্ফালন হিসেবে উল্লেখ করে স্থানীয় ব্যবসায়ী, জেলে ও ঠিকাদারদের স্বাভাবিক ব্যবসায়িক ও পেশাগত কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর এই তৎপরতায় এলাকায় নিরাপদ ব্যবসায়িক পরিবেশ বজায় থাকবে এবং চাঁদাবাজির অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন