প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশে ব্যক্তি পর্যায়ে মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক প্রকাশিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’-এর চতুর্থ প্রান্তিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনটি রোববার প্রকাশিত হয় এবং এতে বলা হয়েছে, ৫ বছর ও তার বেশি বয়সী জনগণের মধ্যে বর্তমানে ৮৯ দশমিক ৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করছেন। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই হার ছিল ৮৮ দশমিক ২ শতাংশ।
এছাড়া, একই সময়ে ব্যক্তিগত মোবাইল ফোনের মালিকানার হার ৬৪ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৬৫ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে। ব্যক্তিগত পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হারও ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। কম্পিউটার ব্যবহারের হার ১১ দশমিক ৮ শতাংশ রয়েছে।
খানা পর্যায়ের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৯৯ শতাংশ খানায় অন্তত একটি মোবাইল ফোন ব্যবহারের সুযোগ রয়েছে। স্মার্টফোনের উপস্থিতি ৭৪ দশমিক ৮ শতাংশ থেকে বেড়ে ৭৫ দশমিক ১ শতাংশে পৌঁছেছে।
এছাড়া, ৫৮ দশমিক ২ শতাংশ খানায় ইন্টারনেট সংযোগ, ৯৮ দশমিক ৬ শতাংশ খানায় বিদ্যুৎ, ৬০ দশমিক ১ শতাংশ খানায় টেলিভিশন, ১৫ দশমিক ৩ শতাংশ খানায় রেডিও এবং ৯ দশমিক ১ শতাংশ খানায় কম্পিউটার ব্যবহারের সুবিধা রয়েছে।
বিবিএসের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধীনে ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় এই জরিপ পরিচালিত হয়েছে। তথ্য সংগ্রহের জন্য কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (ক্যাপি) পদ্ধতি ব্যবহার করা হয়েছে।
এপ্রিল থেকে জুন ২০২৬ সময়ের তথ্য নিয়ে তৈরি এই প্রতিবেদনে দেশের ২ হাজার ৫৬৮টি নির্বাচিত নমুনা এলাকার ৬১ হাজার ৬৩২টি খানার তথ্য ব্যবহার করা হয়েছে।
বিবিএস জানিয়েছে, জরিপের এই তথ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পর্যবেক্ষণ, জেলাভিত্তিক আইসিটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ২২টি সূচকের তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন