প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারি খালের ৫৮টি অবৈধ কৃত্রিম বাঁধ কেটে এবং স্লুইসগেটে বসানো জাল অপসারণ করেছে ইউনিয়ন পরিষদ। এই উদ্যোগের ফলে পানিবন্দী প্রায় ৩ হাজার পরিবারের দুর্ভোগ কমবে এবং কৃষি ও মৎস্য খাতের কোটি কোটি টাকার ক্ষতি রোধ হবে বলে স্থানীয়রা আশাবাদী।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে, মগনামা ইউনিয়নের মটকাভাঙা এলাকায় নুরুল আলমের বাঁধ কেটে উচ্ছেদ অভিযান শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একশ্রেণির প্রভাবশালী ব্যক্তি সরকারি খালে অবৈধ কৃত্রিম বাঁধ নির্মাণ করে এবং স্লুইসগেটে জাল বসিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। এর ফলে প্রতি বর্ষা মৌসুমে ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল।
পার্শ্ববর্তী খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ থাকায় ছোট-বড় অন্তত ২০টি মৎস্যঘেরের মাছ ভেসে গেছে এবং বিস্তীর্ণ কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসাথে বসতবাড়ি এবং পুকুর তলিয়ে গিয়ে প্রায় ৩ হাজার পরিবার দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছিল।
গত ১৮ জুলাই, বন্যা-পরবর্তী পরিস্থিতি পরিদর্শনের সময় পেকুয়া-চকরিয়া আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মগনামার সরকারি খালে নির্মিত অবৈধ বাঁধ অপসারণের বিষয়ে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদকে যৌথভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সরকারি খালে পানি চলাচলের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য সব ধরনের অবৈধ বাঁধ ও স্লুইসগেটে বসানো জাল অপসারণ করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত রাখা হবে।
এ অভিযানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করছেন। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম, পরিষদের সচিব মো. আবদুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম, গ্রাম পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন