প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাদিয়া আক্তার (২৩) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় সাদিয়া আক্তারের কথিত স্বামী এবং ছয় বছর বয়সের শিশু কন্যা নিখোঁজ হয়ে গেছে।
এই ঘটনা ঘটে সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে, উপজেলা মিজমিজি বাতানপাড়া এলাকার একটি বাসায়। পুলিশ জানায়, মরদেহের মুখের বাম পাশে জখমের চিহ্ন রয়েছে।
নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির মালিক নিহতের পরিচয় শনাক্ত করার জন্য জাতীয় পরিচয়পত্র দিলেও স্বামীর কোনো তথ্য বা জাতীয় পরিচয়পত্র প্রদানে ব্যর্থ হয়েছেন। এ মৃত্যুর ঘটনায় রহস্য সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সাদিয়া আক্তারের সঙ্গে থাকা ব্যক্তি তার স্বামী নয়। ধারণা করা হচ্ছে, তারা দীর্ঘ দিন ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ জুলাই সাদিয়া আক্তার এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে নিয়ে এসে ওই বাসা ভাড়া নেন। সেই সময় তাদের সঙ্গে ৬ বছর বয়সী একটি মেয়ে সন্তান পরিচয়ে ছিল। বাসা ভাড়া নেয়ার সময় সাদিয়া তাঁর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও স্বামী পরিচয়ের ওই ব্যক্তি পরে পরিচয়পত্র দেবেন বলে আর দেননি।
সোমবার রাতের ঘটনার পর বাড়ির মালিক সাদিয়ার ঘর থেকে খাটের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এটি রহস্যজনক মৃত্যু। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অবশ্য এই ঘটনায় তদন্ত চলছে বলে ওসি এমদাদুল হক বলেছেন, ‘নিখোঁজদের নাম পরিচয় শনাক্ত ও তাদের সন্ধানে পুলিশ কাজ করছে। তদন্ত সম্পন্ন হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন