প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যে একটি রেস্তোরাঁয় গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) বিকেলে এই ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। টুইন ফলস শহরের জনসংযোগ কর্মকর্তা জশ পামার জানান, ইন-অ্যান্ড-আউট বার্গার নামে ওই রেস্তোরাঁয় হামলার ঘটনায় হামলাকারীও মারা গেছে। এ ঘটনার পর জারি করা ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা তুলে নেয়া হয়েছে।
টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস সাংবাদিকদের বলেন, ‘এখন আর সম্প্রদায়ের জন্য কোনো হুমকি নেই।’ প্রতিবেশী জেরোম পুলিশের প্রধান ডুয়েন রুবিঙ্ক সিএনএনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিল এবং সে নিজের গুলিতে নিহত হয়েছে। ঘটনাস্থলে তদন্ত চলছে এবং তা রাত পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এক সপ্তাহ আগে টুইন ফলসে যাত্রা শুরু করেছিল জনপ্রিয় বার্গার চেইনটির নতুন শাখা। অল্প সময়ের মধ্যেই এটি স্থানীয়দের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে লাল অ্যাপ্রোন ও ব্র্যান্ডেড কাগজের টুপি পরা কর্মী এবং ক্রেতারা আতঙ্কে দৌড়ে পার্কিং লটে বেরিয়ে যাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য জানার চেষ্টা চলছে। টুইন ফলস শহরের উত্তরাংশের ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হোটেল, জাতীয় পর্যায়ের খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ও বিভিন্ন রেস্তোরাঁয় ঘেরা এলাকাটি স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীদের কাছে সমানভাবে জনপ্রিয়।
কর্তৃপক্ষ এখনও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। তবে এর আগে সিএনএনকে অন্তত তিনজন নিহতের তথ্য দেয়া হয়েছিল। ওই সংখ্যার মধ্যে হামলাকারী অন্তর্ভুক্ত কি না, তা এখনও নিশ্চিত নয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন