প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবনের ৩৪তলা থেকে নিচে পড়ে মারা গেছেন এক বাংলাদেশি নির্মাণ শ্রমিক। গত ১২ জুলাই আনুমানিক বেলা সাড়ে ১১টায় বায়ান মুতিয়ারা এলাকার ১৩ নম্বর মুকিমে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বুধবার (১৫ জুলাই) জানানো হয় যে, নিহত বাংলাদেশি ওই নির্মাণ সাইটে কর্মরত ছিলেন একটি সাব-কন্ট্রাক্টর কোম্পানির অধীনে। তার কাজ ছিল পেইন্টিং, প্লাস্টারিং এবং হাউসকিপিং। দুর্ঘটনার দিন, যখন ওই শ্রমিক ৩৪ তলায় কাজ করছিলেন, তখন হঠাৎ করেই তিনি নিচে পড়ে যান এবং পরে ৯ তলার ক্যানোপি ছাদের ওপর তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে পেনাং হাসপাতালের একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই শ্রমিককে মৃত ঘোষণা করে। এই ঘটনার পর, পেনাংয়ের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ তাৎক্ষণিকভাবে একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠায়। তারা তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সাব-কন্ট্রাক্টরকে নির্দেশ দেয় খোলা জায়গায় সব ধরনের পেইন্টিং ও প্লাস্টারিংয়ের কাজ অবিলম্বে বন্ধ রাখতে এবং নিষেধাজ্ঞা নোটিশ জারি করে। একই সাথে, নির্মাণ সাইটের খোলা অংশ বা ঝুঁকিপূর্ণ স্থানে সুরক্ষাবেষ্টনী দিতে ব্যর্থ হওয়ায় মূল ঠিকাদার প্রতিষ্ঠানকেও আলাদা নিষেধাজ্ঞা নোটিশ দেওয়া হয়েছে।
পেনাংয়ের নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের পরিচালক খাইরোজী আসরি এই ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বলেন, কর্মক্ষেত্রে বিশেষ করে উঁচুতে কাজ করার সময় সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত। তিনি ১৯৯৪ সালের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য আইন এবং ২০২৪ সালের নির্মাণ কাজের বিধিমালা অনুযায়ী সব নিয়োগকর্তা ও ঠিকাদারদের কর্মক্ষেত্রের ঝুঁকি চিহ্নিত করে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এছাড়া, কর্মক্ষেত্রের যেকোনো দুর্ঘটনা গোপন করা বা রিপোর্ট না করার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি জানান, এই ঘটনার পেছনে আইনের কোনো লঙ্ঘন হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন