প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফরিদপুর জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালিত অভিযানে বিভিন্ন ধরনের অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র প্রকাশ পেয়েছে। সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে টিকিট বিক্রি, রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ এবং চিকিৎসকের অনুপস্থিতির প্রমাণ দুদক কর্তৃক পাওয়া গেছে। এছাড়া, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে অব্যবস্থাপনা এবং অস্বাস্থ্যকর পরিবেশও নজরে এসেছে।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলা দুদক সমন্বিত কার্যালয়ের উদ্যোগে অভিযানের কার্যক্রম শুরু হয়। সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল অভিযানে অংশগ্রহণ করে। বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযান আগামী দুই থেকে তিন দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।
গোপন তথ্য ও একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় বলে দুদক সূত্রে জানা গেছে। অভিযানে হাসপাতালের টিকিট কাউন্টারে ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির ঘটনা হাতেনাতে ধরা পড়ে। একইসাথে, বিক্রি করা টিকিটের সংখ্যা অনুযায়ী আদায় করা টাকার হিসাবেও অসংগতি লক্ষ্য করা যায়।
দুদক জানায়, নির্ধারিত চিকিৎসকদের অনুপস্থিতি এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। দন্ত বিভাগের একজন চিকিৎসক রোগীদের নিজের ব্যক্তিগত চেম্বারে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেন বলেও অভিযানে সত্যতা মেলে।
এছাড়া, রোগীদের খাবার সরবরাহে অনিয়মের প্রমাণও দুদক কর্তৃক পাওয়া গেছে। নির্ধারিত ৯৫ টাকার চালের পরিবর্তে নিম্নমানের চালের ভাত এবং ২০০ গ্রাম পাঙাশ মাছের পরিবর্তে মাত্র ৮০ গ্রাম মাছ রান্না করে সরবরাহ করা হচ্ছিল। এ ছাড়া, ওষুধ ও চিকিৎসাসামগ্রী অরক্ষিত অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল। সেখানে কুকুরের বসবাসের প্রমাণও পাওয়া গেছে বলে দুদক জানিয়েছে।
ফরিদপুর জেলা দুদক সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, প্রধান কার্যালয়ের নির্দেশনায় ফরিদপুর জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিনেই নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন