প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম-নাজিরহাট রুটে যাত্রীসেবা বৃদ্ধির লক্ষ্যে দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এই ট্রেনগুলো এখন থেকে প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করবে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এই ট্রেন সেবার উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এই আট মাসে রেলে অনেক উন্নতি সাধিত হয়েছে, যা অতীতের তুলনায় উল্লেখযোগ্য। রেলের সেবার মান বৃদ্ধি পেয়েছে। টিকিট নিয়ে যে সমস্যা ছিল, তা এখন অনেকটা কমে এসেছে। ভবিষ্যতে এই সমস্যা আর থাকবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য হলো পুরো বাংলাদেশের রেলওয়ে নেটওয়ার্ককে আরও শক্তিশালী করে সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করা।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে নাজিরহাট পর্যন্ত সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কমিউটার ট্রেনে সাতটি কোচ রয়েছে, যার মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ অন্তর্ভুক্ত। ট্রেনটিতে মোট আসনসংখ্যা ৩৩৪।
নাজিরহাট কমিউটার ১, ২, ৩ ও ৪ নামে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় পথে মোট চারবার যাত্রী পরিবহন করবে। নাজিরহাট থেকে সকাল ৬টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে সকাল ৭টা ৩৫ মিনিটে। চট্টগ্রাম থেকে সকাল ৮টা ৩০ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সকাল ১০টা ১০ মিনিটে। অন্য ট্রেনটি নাজিরহাট থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। বিকেলে চট্টগ্রাম থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে নাজিরহাট পৌঁছাবে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে। এই ট্রেন চালুর ফলে যাত্রীসেবা ও রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রেলওয়ে কর্মকর্তারা।
চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পর্যন্ত চলাচলকারী এই ট্রেন উদ্বোধনের সময় প্রতিমন্ত্রী বলেন, ‘এটি প্রান্তিক জনগোষ্ঠীর বাহন। সাধারণ মানুষের স্বস্তিতে যাতায়াত নিশ্চিত করা আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের স্বস্তি নিশ্চিত করা ও মানুষের জীবনযাত্রা সহজ করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে কমিউটার ট্রেন চালুর ফলে সাধারণ যাত্রীরা সহজে ও স্বল্প খরচে যাতায়াতের সুযোগ পাবেন। এতে সড়কের ওপর চাপ কমবে এবং জনদুর্ভোগ অনেকটা লাঘব হবে। বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। সরকার ইতিমধ্যে নতুন প্রকল্প নিয়ে কাজ করছে, যাতে যোগাযোগব্যবস্থাকে আরও সহজতর ও উন্নত করা যায়।’
এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ট্রেনের সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নে শুরুতে কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও ধীরে ধীরে সবকিছু নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান এবং প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন