প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কবি, সাংবাদিক ও অনুবাদক রথো রাফি আর আমাদের মধ্যে নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫১ বছর।
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু ঘটে।
তার ছোট ভাই মো. এহতেশামুল হক গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
এহতেশামুল হক জানান, গত সোমবার রথো রাফিকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং একপর্যায়ে লাইফ সাপোর্টেও রাখা হয়েছিল।
শুক্রবার রথো রাফির মরদেহ তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দক্ষিণ তারুয়া গ্রামে নিয়ে যাওয়া হবে। জানাজা জুমার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ভাই এহতেশামুল হক।
রথো রাফি কবিতা ও অনুবাদের জগতে একটি স্বতন্ত্র ভাষাভঙ্গি তৈরি করেছিলেন। তার একমাত্র কাব্যগ্রন্থের নাম ‘অক্ষর ও বালির পৃথিবী’। ৪৩২ পৃষ্ঠার এই বইটিতে দুই শতাধিক কবিতা স্থান পেয়েছে। ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুই দশকে লেখা কবিতাগুলো নিয়ে এই সংকলনটি প্রকাশিত হয়।
তার কবিতায় মানুষের জন্ম-মৃত্যুর দর্শন, কৃষ্ণের বাঁশি এবং যিশুর ক্রুশযাত্রার মতো বিভিন্ন বিষয় উঠে এসেছে। তিনি বিশ্বসাহিত্যের বিভিন্ন কবির কবিতাও বাংলায় অনুবাদ করেছেন।
অনুবাদক হিসেবে রথো রাফি এরিখ ফ্রাইড, চার্লস বুকোস্কি, মুহাম্মদ আল-মাঘুত ও ইয়ারোস্লাভ সাইফার্টের মতো কবিদের রচনা বাংলাভাষী পাঠকদের কাছে উপস্থাপন করেছেন। তার অনুবাদের মাধ্যমে বাংলা ভাষার পাঠকেরা বিশ্বকবিতার বিভিন্ন ধারা ও কণ্ঠের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন