প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন যে, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার ক্ষেত্রে, শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মধ্য দিয়েই দেশে ফিরতে হবে। সাধারণ বাণিজ্যিক যাত্রী হিসেবে তাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না বলেও জানান প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুমায়ুন কবির। শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রসঙ্গে তিনি বলেন, "প্রত্যাশা আর বাস্তবতা এক বিষয় নয়।" অর্থের বিনিময়ে নানা ধরনের সংবাদ প্রকাশ করানো সম্ভব হলেও, এসব খবরের সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সাধারণ যাত্রী হিসেবে দেশে ফিরবেন না। তাকে দেশে ফিরিয়ে আনতে হলে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্য দিয়েই আনা সম্ভব হবে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। এবারই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখের কথা বলা হয়েছে।
মুখপাত্রের বিবৃতি অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সংবিধান-বহির্ভূতভাবে ও পরিস্থিতির কারণে তাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলেও দাবি করেছেন তাঁর মুখপাত্র।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, "অর্থের বিনিময়ে নানা ধরনের লেখা প্রকাশ করানো যেতে পারে। তবে প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে পার্থক্য রয়েছে।" শেখ হাসিনার দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও বাস্তবে প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হবে না।
দেশে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার প্রসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের মানুষের কাছে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে আওয়ামী লীগের সন্ত্রাসকেই বোঝায়।" তাঁর অভিযোগ, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, "সন্ত্রাসী তো একজনই। সন্ত্রাসী তো আওয়ামী টেররিজম। বাংলাদেশের মানুষ সন্ত্রাসী বলতে তাদের বোঝে। যার স্পন্সরড হাসিনা আপা ফ্রম দিল্লি।"
জয় বাংলা স্লোগান নিয়েও মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, "জয় বাংলা এখন পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে।" এই স্লোগান শুনলে কারও দৌড়ে পালানোর কথা মনে হয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, "মুসলমানরা মৃত্যুর আগে কলেমা পড়ার চেষ্টা করেন, আর আওয়ামী লীগের লোকেরা জয় বাংলা বলে মারা যান।" স্লোগানটি তাদের পালানো ও মৃত্যুর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের সমর্থনের ওপর তাদের আস্থা রয়েছে। দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত সরকার হিসেবে শক্ত অবস্থান নিয়েই পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
প্রতিমন্ত্রীর দাবি, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হলেও মানুষ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায় এবং এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই।
তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতা তৈরির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা অংশ নেন। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিও উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে প্রায় ৬০টি মিশনের প্রধান অংশ নেন বলে একটি সূত্রে উল্লেখ করা হয়েছে।
সরকারের পক্ষে ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় সরকারের অবস্থানও বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন