প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর গলাচিপা উপজেলা অক্টোবর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। একই সময়ে জেলা ক্যাটাগরিতে পটুয়াখালী দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই কার্যক্রমটি শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্য পরিচালিত হয়।
গলাচিপা উপজেলা নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৬৩ শতাংশ কাজ সম্পন্ন করেছে। পটুয়াখালী জেলা জন্ম-মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। জেলার মোট কাজের পরিমাণ ১০৩.৪৫ শতাংশ।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ সোমবার (৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, জেলা ক্যাটাগরিতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ১০৩.৮৩ শতাংশ কাজ করে হবিগঞ্জ জেলা প্রথম স্থান অধিকার করেছে। হবিগঞ্জের জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮৫ টি, তারা ৪৪০১টি নিবন্ধন সম্পন্ন করেছে। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১২২০টি, তারা ১১৮৬টি নিবন্ধন করেছে। হবিগঞ্জ জেলার অর্জন ১০৩.৮৩ শতাংশ। জেলা পর্যায়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে পটুয়াখালী ও চুয়াডাঙ্গা জেলা। পটুয়াখালী জেলা ১০৩.৪৫ শতাংশ এবং চুয়াডাঙ্গা জেলা ৯৪.৬২ শতাংশ কাজ করেছে।
অক্টোবর মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা দেশের মধ্যে সেরা হয়েছে। জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি এবং মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ১৬৩ শতাংশ অর্জন করেছে, যা দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ১৪১ শতাংশ অর্জন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় স্থানে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলা ১৩৪ শতাংশ অর্জন করেছে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক মন্তব্য করেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি প্রশাসনিক কার্যক্রম নয়; বরং এটি নাগরিকের আইনগত পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। একটি শিশুর জন্ম থেকে শুরু করে একজন নাগরিকের মৃত্যু পর্যন্ত রাষ্ট্রীয় তথ্যভান্ডারে সঠিক তথ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব নির্ভুলতা, সময়ানুবর্তিতা ও সেবার মান নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘আমি এ অর্জনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্ট সবাইকে তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এ অর্জন যেন সাময়িক সাফল্যে সীমাবদ্ধ না থাকে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুণগত মান বজায় রাখা, শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জন্য সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় গলাচিপা উপজেলা ভবিষ্যতেও সেবার মান ও দক্ষতায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।’
‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জেলা প্রশাসক স্যার ও ডিডিএলজি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সঠিক নির্দেশনা ও দূরদর্শিতায় এ ফলাফল সম্ভব হয়েছে।’
পটুয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক হাওলাদার জানান, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা নিয়মিত তদারকি এবং সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। বিশেষ করে শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে মাঠপর্যায়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গলাচিপা উপজেলা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৬৩ শতাংশ অর্জন করে দেশসেরা হওয়া এবং পটুয়াখালী জেলা ১০৩ দশমিক ৪৫ শতাংশ অর্জন করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। এ অর্জনের পেছনে উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে আমরা কাজ করে যাব।’
উল্লেখ্য, গত জুলাই মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা প্রথমবারের মতো দেশসেরা হয়েছিল। এপ্রিল-আগস্ট টানা ৪ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও নির্বাচিত হন। জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল আর বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন