প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অভিযান চলাকালীন তাদের আটক করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল সদর থানার আকুর ঠাকুরপাড়া এলাকার মৃত দ্বীন মোহাম্মদের ছেলে, বর্তমানে সিদ্ধিরগঞ্জের পাইনাদী বিল এলাকার বাসিন্দা জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম (৪৫), পটুয়াখালী সদর থানার মরিচবুনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে, বর্তমানে সিদ্ধিরগঞ্জের শান্তিনগর কামাল হোসেন হাজী বাড়ির বাসিন্দা মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫), এবং ফতুল্লার উত্তর হাজীগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত মো. দুলাল হোসেনের ছেলে মো. শফিকুর রহমান ওরফে রনি (৩৫)। পালিয়ে যাওয়া অপর আসামির নাম বিল্লাল ড্রাইভার (৩৫)।
ডিবি পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় সোহেলের মুদি দোকানের সামনে কাঠের পুলের পাশে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করে, তবে তাদের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে একটি কালো রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির ব্যারেলে লেখা রয়েছে ‘7.65 MADE IN U.S.A’। এছাড়া, তার কাছ থেকে একটি রেডমি স্মার্টফোন এবং লিটনের কাছ থেকে একটি হুয়াওয়ে স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, জব্দকৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে অবৈধ অস্ত্রের ছবি এবং অস্ত্র কেনা-বেচাসংক্রান্ত বার্তা পাওয়া গেছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজন পেশাদার অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে এর আগে একাধিক হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশের দাবি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের বন্দর এলাকায় জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে জসিম মেহেরপুর সীমান্তের এক অস্ত্র চোরাকারবারির মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় মেহেরপুর থেকে অস্ত্র এনে বিক্রির উদ্দেশ্যে শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় অবস্থানকালে তারা ডিবি পুলিশের হাতে ধরা পড়েন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান কালের কণ্ঠকে জানান, এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে।
তিনি বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সঙ্গে আর কারা জড়িত, তা বের করার চেষ্টা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন