প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এই জানাজা অনুষ্ঠিত হয় রোববার (১২ জুলাই) বাদ যোহর সময় ধানমন্ডির তাকওয়া মসজিদে।
জানাজায় অংশ নেন আত্মীয়স্বজন, স্থানীয় মানুষ ও বেশ কয়েকজন গুনগ্রাহী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক এ স্পিকারের মরদেহ পঞ্চগড়ে তাঁর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। তাকে জাতীয় সংসদের নির্ধারিত স্থানে দাফন করার পরিকল্পনা রয়েছে।
রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রবীণ রাজনীতিক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বয়স ছিল ৯৪ বছর।
হাসপাতাল সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ জুলাই) রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন।
জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করেন এবং ১৯৬০ সালে আইন পেশায় যোগদান করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পরে তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন মেয়াদে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন