প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের চা শিল্পের উন্নয়ন, উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের চা শিল্পের উন্নয়নের জন্য আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় দেশের বিভিন্ন চা বাগানের মালিক ও প্রতিনিধিরা শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি, অর্থায়নের সংকট, জ্বালানি ব্যয় এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার বিভিন্ন চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকে তুলে ধরেন। একই সঙ্গে তারা চা খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাবও উপস্থাপন করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মনোযোগ দিয়ে সবার বক্তব্য শোনেন এবং চা শিল্পকে দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এই শিল্পের সার্বিক বিকাশে প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে।
সভায় প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের বিদ্যমান ঋণের দায় সহজ করার এবং স্বল্প সুদে নতুন ঋণ পাওয়ার সুবিধার আশ্বাস দেন। এছাড়া চা বাগানের অকৃষি বা চাষের অনুপযোগী জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে বিবেচনা করার কথা জানান। তিনি উল্লেখ করেন, এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক সহযোগিতা প্রদান করা হবে।
চা শিল্পের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে টেকসই সমাধান দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও চা শিল্প-সংশ্লিষ্ট কমিটির প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও চা বাগান মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন