প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ফলে আহত ৬৩ জন শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন করার দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।
তিনি উল্লেখ করেছেন, বিশেষভাবে আশঙ্কাজনক অবস্থায় থাকা তিন শিক্ষার্থীর জীবন রক্ষায় সর্বোচ্চ উন্নত চিকিৎসাসেবা প্রদান করা আবশ্যক। প্রয়োজন হলে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণসহ চিকিৎসার সকল ব্যয়ভার সরকারকে বহন করতে হবে।
বুধবার (১১ নভেম্বর) একটি বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ এসব দাবি তুলে ধরেন।
বিবৃতিতে তিনি বলেন, একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং কোমলমতি শিক্ষার্থীদের জীবন ঝুঁকির মুখে পড়া অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় থাকা শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টি অত্যন্ত জটিল ও সংবেদনশীল উল্লেখ করে তাদের জীবন রক্ষায় সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, এত বড় দুর্ঘটনার পর আহত শিক্ষার্থীদের চিকিৎসা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পুনর্বাসন এবং সার্বিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল বক্তব্য ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি অগ্নিকাণ্ডের ফলে মাদ্রাসার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণ করে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মাদ্রাসাগুলো দেশের দ্বীনি শিক্ষা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের চর্চা এবং প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের যেকোনো সংকট ও বিপর্যয়ে রাষ্ট্রের দায়িত্বশীল সহযোগিতা প্রত্যাশিত। এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দাঁড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল জামিয়া আশরাফিয়া মাদ্রাসা পরিদর্শন করে। প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী এবং নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ।
তারা দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান প্রতিনিধি দলের সদস্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন