প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের কারণে মাহবুব আলম বাবু রাড়ী (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মো. বজলুর রশিদ বয়াতী (৩৮) মেহেন্দিগঞ্জ থানাধীন সাদেকপুর এলাকার আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে। রবিবার (৫ জুলাই) দুপুরে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান পিপিএম সেবা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে র্যাব-৮ ও র্যাব-১০ এর সদর কোম্পানির সদস্যরা ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন হরিণচরন রায়সড়ক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত মো. বজলুর রশিদ বয়াতীকে ধরেন।
র্যাব জানায়, মাহবুব আলম বাবু রাড়ী (২৯) মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা দুলাল রাড়ীর ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৮ জুন মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাহবুব আলম রাড়ীর ভোগদখলীয় জমিতে দোকানঘর উত্তোলনে বাঁধা দেয় গ্রেপ্তারকৃত অভিযুক্ত বজলুর রশিদ বয়াতী এবং অন্যান্য অভিযুক্তরা। এর পর, ২৩ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেহেন্দীগঞ্জ থানাধীন চুনারচর ৮ নং ওয়ার্ডস্থ আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ী, কাঠের লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রেপ্তারকৃত বজলুর রশিদসহ অন্যান্য অভিযুক্তরা দলবদ্ধভাবে অবস্থান নেয়। পরে, তারা মাহবুব আলম বাবু রাড়ীর ওপর অত্যন্ত বর্বরভাবে আক্রমণ করে এবং পিটিয়ে গুরুতর আহত করে।
ভিকটিমের ডাকচিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এবং স্বজনরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর মাহবুব আলম বাবু রাড়ীকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে, সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। পরে, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হলেও ২৪ জুন ভোর সোয়া ছয়টার দিকে ভিকটিম মাহবুব আলম রাড়ীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তার। এ ঘটনায় ভিকটিমের মা বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযানে নামে। উল্লেখ্য, নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মামলার অপর আসামি জাহাঙ্গীর হোসেনকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন