প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে ভিক্ষুক সেজে বিধবা বৃদ্ধার ঘরে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে এক মা ও তার ছেলে। তাদের চেষ্টা ছিল সর্বস্ব লুটে নেওয়ার। এতে বৃদ্ধাকে বাধা দেওয়ায় ধারালো বটি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
এই ঘটনাটি ঘটে বুধবার (১ জুলাই) দিবাগত মধ্যরাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামে। ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে শুক্রবার (৩ জুলাই) দিবাগত মধ্যরাতে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ অভিযুক্ত মা ও ছেলেকে আটক করেছে।
আটক মা ও ছেলে হলেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইচাগুড়ি গ্রামের বাসিন্দা রুমা বেগম এবং তার ছেলে শাকিল। অপরদিকে আহত বৃদ্ধা সাফিয়া বেগম (৭০) একই ইউনিয়নের মক্ররোম প্রতাপ গ্রামের মৃত ফুল শরিফের স্ত্রী।
পুলিশ এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সাফিয়া বেগমের একটি ছেলে এবং একটি মেয়ে ঢাকায় বসবাস করেন। এজন্য তিনি বাড়িতে একা থাকতেন। গত বুধবার সন্ধ্যায় ভিক্ষুকের বেশে রুমা বেগম ও তার ছেলে শাকিল সাফিয়ার বাড়িতে এসে রাতের জন্য আশ্রয় চান। সরল বিশ্বাসে বৃদ্ধা সাফিয়া তাদের নিজের ঘরে থাকার অনুমতি দেন।
কিন্তু মধ্যরাতে মা-ছেলে মিলে সাফিয়ার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সাফিয়ার চিৎকার শুনে অভিযুক্তরা সেখান থেকে পালানোর আগে ঘরে থাকা ধারালো বটি দিয়ে তার পেটে আঘাত করে। ওই রাতেই বৃদ্ধাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ভুক্তভোগীর ভাইয়ের ছেলে মাহবুবুর রহমান জানিয়েছেন, 'ফুফু বাড়িতে একা থাকেন। এই সুযোগটাই নিয়েছে ওই অপরাধীরা। তারা যে পরিকল্পিতভাবে ভিক্ষুকের বেশে ফুফুর সরলতার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকেছে, তা পরিষ্কার।'
অন্যদিকে, ভুক্তভোগীর আরেক ভাইয়ের ছেলে স্বপন জানান, তার ফুফু এখন ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি মা-ছেলের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।
শনিবার (৪ জুলাই) দুপুরে ঘটনাটি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, 'ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে পুলিশ। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার মধ্যরাতে চরমোনাই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মা ও ছেলেকে আটক করা যায়।'
ওসি আরও জানান, 'এসব ঘটনার জন্য ভুক্তভোগী বৃদ্ধার ভাই মো. আশরাফ আলী সিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় আটক দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের শনিবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন