প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীবিরোধী যৌথ অভিযানে ৩৫ জন বাংলাদেশিসহ মোট ১৫৫ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে জোহর বাহরুরের পান্দান পাইকারি বাজারসংলগ্ন এলাকায় জোহর রাজ্য অভিবাসন বিভাগ এবং সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বুধবার (৮ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে জোহর অভিবাসন বিভাগ জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বিদেশিদের পরিচালিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে এ চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিদের পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিটসহ অন্যান্য ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। পরে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১০ থেকে ৪৯ বছর বয়সী ১৫৫ জন বিদেশিকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৫৬ জন ইন্দোনেশিয়ান, ৩৯ জন মিয়ানমারের নাগরিক, ৩৫ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, একজন ভিয়েতনামী, একজন চীনা নাগরিক এবং মিয়ানমারের একজন শিশু। এছাড়া নারী আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন মিয়ানমারের এবং একজন ভিয়েতনামী নাগরিক রয়েছেন।
এদিকে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া বা সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের অভিযোগে দুই মালয়েশীয় নাগরিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জোহর অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের সেটিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য আটজন সাক্ষীর কাছে সমন জারি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জোহর রাজ্যের বিভিন্ন কৌশলগত এলাকায় অবৈধ অভিবাসন দমনে গোয়েন্দা নজরদারি ও যৌথ অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও সতর্ক করেছে প্রশাসন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন