প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে কুলিয়ারচর উপজেলার আলী আকবরী পেট্রোল পাম্পের কাছে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে একটি মাইক্রোবাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুইজন ঘটনাস্থলে প্রাণ হারান। আহত হয়েছেন আরও দুইজন।
নিহত সিএনজি চালকের নাম কালাম ওরফে কাঁলা চাঁন (৪২)। তিনি ছয়সূতী ইউনিয়নের দারিয়াকান্দি গ্রামের শাহাবুদ্দিনের পুত্র। অপর নিহত ব্যক্তি হলেন সিএনজির যাত্রী আবু আল হেলাল (৪৯), যিনি রামদী ইউনিয়নের বালুচর গ্রামের মোঃ ইনসাফ উদ্দিনের পুত্র। আহতদের মধ্যে রয়েছেন পশ্চিম তাড়াকান্দি গ্রামের মৃত গোলাপ মিয়ার পুত্র মোঃ রুবেল এবং এক নারী, যাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭ টার দিকে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাত্রা করা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১২-০৩২৭) এবং ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসা সিএনজি আলী আকবরী পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ যাত্রীর মধ্যে ঘটনাস্থলে সিএনজি চালক কালা চাঁন ও যাত্রী হেলাল নিহত হন এবং অপর দুইজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ জোহরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভৈরব হাইওয়ে থানার এসআই মোঃ বাবুল মিয়া সাংবাদিকদের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং দুইজনের মৃতদেহ উদ্ধার করেন। সিএনজি ও মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তিনি আরও জানান, নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং গাড়িগুলো ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন