প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘদিন পর, নিজস্ব পছন্দের গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের অতি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী ৩১ জুলাই তার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ প্রকাশ পাবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী দিনে প্রতি বছর একটি করে নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনা রয়েছে তার।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানী ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা বিমানবন্দর হোটেলে বিকেল সাড়ে ৪টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আতিফ আসলাম বলেন, গত কয়েক বছর ধরে তিনি চলচ্চিত্রের গান, মঞ্চে পরিবেশন এবং রেকর্ডিং নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের জন্য সময় পাননি। তবে এই সময়ের মধ্যে তিনি নিয়মিত নতুন গান লিখেছেন এবং সুর তৈরি করেছেন।
তিনি আরও বলেন, আমি মূলত চলচ্চিত্রের জন্য গান গেয়েছি। কিন্তু অনেকদিন ধরেই মনে হচ্ছিল, আমার পছন্দের গানগুলো প্রকাশ করা আমার উপর দায়িত্ব। তাই এবার সে কাজটি করছি। আল্লাহ চাইলে এবার থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করছি।
আতিফ জানিয়েছেন, সুবাহ আয়ে না অ্যালবামটিতে মোট আটটি গান থাকবে। প্রায় আট বছরের পরিশ্রমের ফলস্বরূপ এই অ্যালবাম তৈরি হয়েছে। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজক কাজ করেছেন।
সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন কি না। জবাবে তিনি বলেন, অ্যালবাম প্রকাশের আগে নতুন কোনো গান গাইবেন না। তবে অ্যালবাম প্রকাশের পর আবার বাংলাদেশে এসে নতুন গান শোনানোর আশা প্রকাশ করেন।
আসন্ন কনসার্ট সম্পর্কে আতিফ বলেন, তার প্রথম প্রার্থনা যেন তখন বৃষ্টি না হয়। তবুও, যদি বৃষ্টি হয়, তাহলে দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরো উপভোগ্য হয়ে উঠবে বলেও তিনি মন্তব্য করেন। আগেরবারের তুলনায় এবারের কনসার্টে ভিন্ন ধরনের আয়োজন থাকবে বলেও তিনি জানান।
বাংলাদেশের খাবারের জন্য তার প্রশংসাও কুড়ান। তিনি বলেন, খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার মধ্যে অনেক প্রিয়। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও তিনি বাংলাদেশের খাবারের প্রশংসা করতে ভুলেন না। কেউ ভালো খাবারের পরামর্শ চাইলে বাংলাদেশে এসে খাবার খাওয়ার পরামর্শও দেন।
বাংলাদেশের সংগীত সম্পর্কে কথা বলতে গিয়ে কিংবদন্তি শিল্পী রুনা লায়লার প্রশংসা করেন আতিফ। তিনি জানালেন, একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাকে কিংবদন্তি উল্লেখ করে বলেছেন, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ছিল দারুণ।
বাংলাদেশের দর্শকদের প্রতি বিশেষ ভালোবাসার কথা জানান এই শিল্পী। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে কনসার্ট করলে বাংলাদেশে দর্শকদের মতো উচ্ছ্বাস কমই দেখা যায়। বিশেষ করে তার জনপ্রিয় গান ‘আদাত’ যখন হাজারো দর্শক একসাথে গেয়ে ওঠেন, সেই মুহূর্তটি সবসময় তার স্মরণীয় হয়ে থাকে।
আতিফ আসলাম বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছার কথাও জানান। তবে, ভাষার উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চান না বলে উল্লেখ করেন। তার ভাষায়, তিনি বাংলা ভাষার প্রতি কোনোভাবেই অসম্মান করতে চান না।
তিনি আরও জানান, এর আগে বাংলাদেশের একটি চলচ্চিত্রের জন্য ‘মিঠে আলো’ শিরোনামের গান গেয়েছিলেন। ভবিষ্যতে বাংলাদেশে চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন কাজ করার আগ্রহ রয়েছে তার।
নিজের সংগীতজীবনের অনুভূতি জানাতে গিয়ে আতিফ বলেন, বিশেষত মন খারাপের সময়গুলোতে তিনি সবচেয়ে বেশি গান লেখেন। তার মতে, সেই সময়েই সৃষ্টিশীলতা সবচেয়ে ভালোভাবে কাজ করে। আর নতুন অ্যালবাম সুবাহ আয়ে না নিয়েই তিনি সবচেয়ে বেশি গর্বিত। কারণ, এই অ্যালবামটির প্রতিটি গান তার হৃদয় ও আত্মা থেকে তৈরি।
সবশেষে, বাংলাদেশের শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন ডিজিটাল মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, তার সবচেয়ে বড় শ্রোতাগোষ্ঠী একটি বাংলাদেশে। তাই এ দেশের মানুষের প্রতি তিনি সবসময় বিশেষভাবে কৃতজ্ঞ।
উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় তার সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন