প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে কাটাকাটি, ঘষামাজা ও গড়মিল করে বিধিবহির্ভূতভাবে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড প্রদান করেছে আদালত। তাদের মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড এবং সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ রায় সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান দ্বারা প্রদান করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন কালের কণ্ঠকে জানান, রেলওয়ের নিয়োগসংক্রান্ত দুর্নীতির মামলায় আসামি গোলাম কিবরীয়াকে তিন বছর এবং ইউসুফ আলী মৃধাকে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করে।
তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে, ইউসুফ আলী মৃধা পলাতক রয়েছেন এবং তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ মামলায় তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আদালতে মামলার নথি থেকে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি ২০০৯ ও ২০১০ সালে প্রকাশিত হয়। লিখিত পরীক্ষায় ৮ হাজার ১৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরে ১ হাজার ২২৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য চিঠি পাঠানো হয়। লিখিত পরীক্ষার খাতা ও টেবুলেশন শিটে নম্বর কাটাকাটি, ঘষামাজা ও গড়মিল করে বিধিবহির্ভূতভাবে আট নম্বর গ্রেস দিয়ে কয়েকজন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছিল।
দুদকের অনুসন্ধানে আরও উঠে আসে যে, নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ৩২টি জেলা থেকে ৭১ জন প্রার্থী কম নেওয়া হলেও ২০টি জেলা থেকে ৭১ জন অতিরিক্ত প্রার্থী নেওয়ার সুপারিশ করা হয়। এতিম ও প্রতিবন্ধী কোটায় ৩৬ জন নিয়োগের সুযোগ থাকলেও মাত্র পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরীয়া এবং তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এসব অনিয়মে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে লিখিত পরীক্ষার ফল পরিবর্তন, জাল রেকর্ডপত্র তৈরি এবং অনিয়মের মাধ্যমে নিয়োগের সুপারিশ ও অনুমোদন দেওয়ার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন দণ্ডবিধির ১৬৬, ১৬৭, ২১৭, ৪৭৭(ক) ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করে। অভিযোগপত্র জমা দেওয়ার পর ২০১৭ সালের ১২ নভেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন