প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জ, ২১ জুলাই, ২০২৬ : পানি নিষ্কাশনের জন্য থাকা ভূগর্ভস্থ কালভার্টের মুখ ভরাট হওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ ৩ বছর ধরে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন।
এই পরিস্থিতির কারণে শিক্ষার্থীসহ হাজারো মানুষের স্বাভাবিক চলাফেরা, কৃষিকাজ এবং গবাদিপশুবলির জীবনযাত্রায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল।
অবশেষে, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর হস্তক্ষেপের মাধ্যমে প্রায় ৩শ’ পরিবারের মানুষ এই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। সংসদ সদস্যের নির্দেশে কালভার্টের মুখ উন্মুক্ত করা হলে এলাকা আবারও স্বস্তিপূর্ণ হয়ে উঠে।
স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বর্ণি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নাসির সড়কের নিচে একটি কালভার্ট ছিল। এটি বৃষ্টির পানি সরাসরি নদীতে নিয়ে যেতে সাহায্য করত। কিন্তু প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী গ্রামের বাবুল শেখ নামে একজন ব্যক্তি সরকারি জায়গা দখল করার উদ্দেশ্যে মাটি ও বালি ভরাট করে কালভার্টের মুখ বন্ধ করে দেন।
এরপর থেকে, প্রতি বছর বর্ষা মৌসুমে ওই এলাকায় জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোর পরও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
স্থানীয় এক যুবক, জলাবদ্ধতা এবং মানুষের ভোগান্তির দৃশ্য তুলে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশে গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে কালভার্টের মুখ থেকে মাটি ও বালি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক ওলিউর রহমান খান, এরকম আরও স্থানীয় নেতাকর্মীরা। দীর্ঘদিনের এ ভোগান্তি থেকে মুক্তি পেয়ে ওই এলাকার বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয় বাসিন্দা বাঁকা খাঁ এবং রুনা আক্তার জানান, ‘গত তিন বছর ধরে সামান্য বৃষ্টিতেও আমাদের জীবনযাত্রা অচল হয়ে পড়তো। ছেলেমেয়েরা স্কুল-কলেজে যেতে পারতো না। গবাদিপশু নিয়ে আমাদের বিপাকে পড়তে হতো। জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সমাধান মেলেনি। সংসদ সদস্যের এ উদ্যোগের জন্য আমরা চিরকৃতজ্ঞ।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নূরজাহান উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, ‘বাড়ির সামনে পানি জমে থাকায় আমরা স্কুলে যেতে পারছিলাম না। পোকা-মাকড় ঘরে ঢুকে যেত। এখন পানি নেমে যাওয়ার কারণে আমরা আবার নিয়মিত স্কুলে যেতে পারব।’
এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম বাসস’কে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি সংসদ সদস্য এস এম জিলানী ভাইয়ের নজরে আসার পরই তিনি তা সমাধানের নির্দেশ দেন। আমরা নেতা-কর্মীদের সাথে নিয়ে সারাদিন কাজ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। ব্যক্তিগত স্বার্থের কারণে সাধারণ মানুষের ক্ষতি হওয়া উচিত নয়। এ ধরণের কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকতে হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন