প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত সোনালি রঙের নতুন ১ ডলারের একটি কয়েন আনছে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউএস মিন্ট। চলতি সপ্তাহে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
নতুন মুদ্রার এক পাশের মধ্যে থাকবে ট্রাম্পের প্রতিকৃতির সঙ্গে ‘ইন গড উই ট্রাস্ট’ বাক্যটি। তার চারপাশে লেখা থাকবে ‘লিবার্টি’ এবং ‘১৭৭৬-২০২৬’। অপর পাশের মধ্যে থাকবে একটি ঈগলের চিত্র, যার এক পায়ে রয়েছে তির এবং অন্য পায়ে জলপাইয়ের শাখা।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি মুদ্রা ও বিভিন্ন নথিতে ট্রাম্পের নাম ও ছবি ব্যবহারের উদ্যোগ গৃহীত হয়েছে। এর আগে ট্রাম্পের ছবি সংবলিত স্মারক পাসপোর্ট, নতুন ১০০ ডলারের নোটে তার স্বাক্ষর যুক্ত করার পরিকল্পনা, ২৪ ক্যারেট স্বর্ণের মুদ্রা এবং ২৫০ ডলারের স্মারক নোটের প্রস্তাবগুলিও আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, এই মুদ্রা আমেরিকান মূল্যবোধ, স্বাধীনতা এবং জাতীয় অঙ্গীকারের প্রতীক হিসেবে তৈরি করা হচ্ছে।
তবে ১ ডলারের কয়েনে জীবিত কোনো প্রেসিডেন্টের ছবি রাখা আইনের দৃষ্টিতে বৈধ কি না, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২০২০ সালে পাস হওয়া একটি আইন অনুযায়ী স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রেজারি বিভাগ বিশেষ ১ ডলারের মুদ্রা তৈরি করতে পারে। তবে প্রচলিত মার্কিন বিধিতে সাধারণত মৃত ব্যক্তিদের ছবিই সরকারি মুদ্রায় ব্যবহারের অনুমতি রয়েছে।
ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তিতে জীবিত প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের ছবি সংবলিত কয়েন উৎপাদনের উদাহরণ রয়েছে। সুতরাং জীবিত প্রেসিডেন্টের ছবি ব্যবহারের নজির আগে থেকেই বিদ্যমান।
মুদ্রাটির চূড়ান্ত নকশা ট্রাম্প মনোনীত সদস্যদের নিয়ে গঠিত কমিশন অব ফাইন আর্টসের সুপারিশের চেয়ে কিছুটা আলাদা। কমিশন ট্রাম্পের পার্শ্বচিত্রের সুপারিশ করলেও চূড়ান্ত নকশায় তার সামনের দিকে রাখা হয়েছে প্রতিকৃতি। এ ক্ষেত্রে অর্থমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানা গেছে।
ইউএস মিন্টের নকশা ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মেগান সুলিভান জানান, আইনি মানদণ্ড পর্যালোচনায় তারা এমন কোনো বাধার সম্মুখীন হননি, যা এই নকশাকে আইনবিরোধী প্রমাণ করতে পারে। তিনি আরও বলেন, নতুন মুদ্রাটা ২৫ সেন্টের কয়েনের তুলনায় কিছুটা বড় হবে এবং এটি ম্যাঙ্গানিজ ব্রাস দিয়ে তৈরি হবে, এর রং হবে সোনালির মতো।
এছাড়া এই ১ ডলারের মুদ্রা ট্রেজারি বিভাগের ২৪ ক্যারেট স্বর্ণের স্মারক মুদ্রার থেকে ভিন্ন। গত জুনে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা ওই স্বর্ণের মুদ্রা উৎপাদন বন্ধের দাবি জানিয়েছেন, কারণ তাদের আশঙ্কা ছিল যে ইউএস মিন্টের স্বর্ণ সরবরাহের সঙ্গে বিদেশি অপরাধী চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন