প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাওয়ার পূর্বে মায়ের সঙ্গে কথা বলেন সেনাসদস্য তিতাস শেখ। বুধবার রাতে তিনি মায়ের সঙ্গে কথা বলেন। ওই সময় তিনি বলেছিলেন- ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা’। এটি ছিল তিতাসের মায়ের সঙ্গে শেষ কথোপকথন।
কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ফরিদপুরের নগরকান্দা উপজেলার সন্তান তিতাস শেখ (২৮)। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই সেনাবাহিনীতে কর্মরত। তিতাস শেখ নিজেও ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য। তিতাসের মৃত্যুতে পুরো পরিবার শোকের মধ্যে ডুবে গেছে।
মায়ের শোকে ভারি হয়ে উঠেছে রেখা বেগমের আহাজারি। স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী সুমাইয়া আক্তার। অন্যদিকে, ছেলেকে হারিয়ে নির্বাক বাবা আফজাল শেখের চোখে অশ্রু ঝরছে।
শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের গ্রামের বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। দুই ভাই এবং এক বোনের মধ্যে তিতাস ছিলেন সবার বড়। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।
পরিবারের সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন তিতাস শেখ। চার বছর আগে পাশের গ্রামের সুমাইয়া আক্তারের সঙ্গে তার বিবাহ হয়। তাদের চার বছরের সংসার জীবনে কোনো সন্তান হয়নি। আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তিতাসের; কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
স্বামীকে হারিয়ে বিলাপ করছেন স্ত্রী সুমাইয়া আক্তার। তিনি বলছেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না! আল্লাহ, আমি এখন কী করব!’
এদিকে, ছেলের শোকে পাগলপ্রায় মা রেখা বেগম। তিনি জানান, গত বুধবার রাতে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন তিতাস তাকে বলেছিল- ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকালে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’ ছেলের মুখে এমন কথা শুনলেও সেটিই যে তার সঙ্গে শেষ কথা হবে, তা তিনি কখনো ভাবেননি। সন্তানের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিলাপ করছেন মা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিতাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন