প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বন্দরে লাইভ অ্যান্টি-টেররিজম মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এই মহড়ার আয়োজন করা হয় বুধবার (১৮ নভেম্বর) নিরাপত্তা ব্যবস্থা জোরদার, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী প্রস্তুতি যাচাই এবং যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নিরাপত্তা হুমকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহড়ার উল্লেখযোগ্য দিক ছিল অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, বন্দর এলাকায় অগ্নিকাণ্ড মোকাবিলা ও আহতদের উদ্ধার, সংঘবদ্ধ ব্যক্তিদের জোরপূর্বক ফটক দিয়ে প্রবেশের চেষ্টা, সন্দেহজনক পরিত্যক্ত বস্তু শনাক্তকরণ ও সিমুলেটেড বোমা নিষ্ক্রিয়করণ এবং অস্ত্রসহ সন্দেহজনক যানবাহনের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া।
মহড়ায় প্রদর্শিত হয়, একটি সন্দেহজনক পিকআপ থেকে অস্ত্র উদ্ধার করা হয় এবং চারজন অনুপ্রবেশকারী কনটেইনার ইয়ার্ডে পালিয়ে আত্মগোপন করে। সিসিটিভি পর্যবেক্ষণ, কুইক রেসপন্স টিম মোতায়েন এবং প্রাথমিক তল্লাশি কার্যক্রমের পর পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ‘নিরাপত্তা স্তর-৩’ ঘোষণা করা হয়।
এরপর বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর অগ্নিনির্বাপণ দল ও বিশেষায়িত দল ‘কমসোয়াডস’ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সমন্বয়ে যৌথ অভিযানে কনটেইনার ইয়ার্ড থেকে অনুপ্রবেশকারীদের শনাক্ত ও আটক করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি তুলে ধরা হয়।
বন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণে ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি’ (আইএসপিএস) কোড একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড, যা জাহাজ ও বন্দর স্থাপনাকে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতা এবং অন্যান্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রণীত। পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে বন্দর নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা, জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের ড্রিল ও মহড়া পরিচালনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহড়ায় পর্যায়ক্রমে বন্দর স্থাপনার নিরাপত্তা স্তর-১, স্তর-২ ও সর্বোচ্চ নিরাপত্তা স্তর-৩ ঘোষণা ও বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।
এছাড়া অগ্নিকাণ্ড মোকাবিলায় চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস, নিমতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার টিমের সমন্বিত কার্যক্রম এবং সন্দেহজনক বিস্ফোরক বস্তু নিষ্ক্রিয়করণে নৌবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের অংশগ্রহণ মহড়াটিকে কার্যকর ও বাস্তবভিত্তিক করে তোলে। মহড়ায় বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগ ও নিরাপত্তাকর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।
মহড়ার সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যায়ক্রমে স্বাভাবিক করা হয় এবং পুনরায় নিরাপত্তা স্তর-২ ও স্তর-১ কার্যকর করার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসার বিষয়টি প্রদর্শন করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন