প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধের কারণে ৪০ বছরের পুরনো একটি বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাত ৪টার দিকে হিরাঝিল আবাসিক এলাকার স্বপ্ন বাজারসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জমি নিয়ে বিরোধের অভিযোগ পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী পরিবারকে সহযোগিতার আশ্বাসও প্রদান করেছিলেন। কিন্তু তার পরিদর্শনের কয়েক ঘণ্টার মধ্যে গভীর রাতে বুলডোজার দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রায় ১০ কোটি টাকা মূল্যের সাড়ে ১২ শতাংশ জমি দখলের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১৫০ থেকে ২০০ জনের একটি দল বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। পরিবারটি দাবি করেছে, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাড়ির বাসিন্দা সুলতানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রাতে নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘর কাঁপতে শুরু করলে মনে করেছিলাম ভূমিকম্প হচ্ছে। বাইরে এসে দেখি, আমার ৪০ বছরের বসতভিটা বুলডোজার দিয়ে ভেঙে ফেলছে। এখন আমি থাকব কোথায়? আমার সাজানো সংসার শেষ করে দেওয়া হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’ তিনি জানান, বাড়িটি তার নানির সম্পত্তি এবং তারা আরো কিছু জমি কিনেছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, হিরাঝিল এলাকায় পৈতৃক ও ক্রয়কৃত মিলিয়ে সাড়ে ১২ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে একাধিকবার সিদ্ধিরগঞ্জ থানায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও বিরোধটি আদালতের মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছিল।
পরিবারটির অভিযোগ, স্থানীয় পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহিন (স্বর্ণকার), সবুজ, সজিব ও জসিমসহ ১৫০ থেকে ২০০ জনের একটি দল দীর্ঘদিন ধরে জমিটি দখলের চেষ্টা করে আসছিল। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা জানান, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকে একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসে। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে ৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় এবং ৭ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বরাবর ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন সুলতানা বেগম।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ‘এই জমি নিয়ে বিরোধ ছিল। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলাম। রাত ৪টার দিকে বাড়ি ভাঙার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠিয়েছি। যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজনক কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন