প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদারীপুরের কালকিনির একটি মহিলা মাদ্রাসার ভেতরে হাতবোমার বিস্ফোরণের ফলে অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এটি ঘটেছে শনিবার (১৬ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীরা আসেন। সকালের দিকে হঠাৎ করে মাদ্রাসার ভেতরের আঙিনায়, যা মাদ্রাসার ভেতর অবস্থিত ইমন সরদারের বসতঘরের সামনে, বিকট শব্দে একটি হাতবোমা বিস্ফোরিত হয়। বোমার প্রচণ্ড শব্দে পুরো আশপাশ এলাকা কেঁপে ওঠে।
বিস্ফোরণের ফলে মাদ্রাসার অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে আবিদা আক্তার নামের একজন শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন।
ঘটনার পরপরই কালকিনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং এলাকা ঘিরে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানিয়েছেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার মূল কারণ ও এর পেছনের জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডির বিশেষ দল। তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন