প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতীয় নারী ক্রিকেট দলের দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর সব সংস্করণের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে তিনি জানান, অধিনায়ক হিসেবে দলের জন্য তিনি যথাসাধ্য দায়িত্ব পালন করেছেন। এখন তিনি আবার শুধুমাত্র ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে খেলায় মনোযোগ দিতে চান।
গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পর্যালোচনা বৈঠকের পর হারমানপ্রীতের নেতৃত্ব ছাড়ার বিষয়টি প্রকাশ্যে আসে। বৈঠকে ভারতীয় নারী দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং প্রধান কোচ আমোল মুজুমদার।
২০১২ সালে গুয়াংজু এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার ভারতীয় দলের নেতৃত্ব দেন হারমানপ্রীত। ২০১৬ সালে তিনি টি-টোয়েন্টি দলের পূর্ণকালীন অধিনায়ক হন। মিতালি রাজের অবসর নেওয়ার পর ২০২২ সালে ওয়ানডে দলের নেতৃত্বও পান তিনি। এরপর ২০২৩ সালে তিন সংস্করণেই ভারতের অধিনায়কত্বের দায়িত্ব তার কাঁধে উঠে।
অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হারমানপ্রীত লেখেন, "আজ আমি সব ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।"
নিজের সিদ্ধান্তকে কঠিন উল্লেখ করে তিনি বলেন, অধিনায়কত্বের সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন অনেক মুহূর্ত, যা সারা জীবন তার সঙ্গে থাকবে।
হারমানপ্রীত বলেন, ভারতীয় নারী ক্রিকেট ও দলের জন্য তিনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন। দলের স্বার্থে অনেক সময় নিজের পারফরম্যান্স, উন্নতি ও ব্যক্তিগত আকাঙ্ক্ষাকেও পাশে সরিয়ে রাখতে হয়েছে।
অধিনায়ক হিসেবে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও জানান তিনি। সব সিদ্ধান্ত সবাই বুঝতে পারেননি এবং কিছু সিদ্ধান্তের ব্যক্তিগত মূল্যও দিতে হয়েছে। তবে প্রতিটি সিদ্ধান্তের পেছনে দলের স্বার্থই প্রধান ছিল বলে জানান হারমানপ্রীত।
তিনি বলেন, "আমার মনে হচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এই দলকে আমার সবটুকু দিয়েছি এবং গর্বের সঙ্গে দায়িত্বটি বহন করেছি। ভারতীয় নারী ক্রিকেটের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব।"
অধিনায়কত্ব ছাড়লেও ভারতীয় দলের হয়ে খেলতে থাকবেন হারমানপ্রীত। নেতৃত্বের চাপ থেকে সরে এবার ব্যাটিং ও ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার দিকেই আরও বেশি মনোযোগ দিতে চান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন