প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আটক করেছে দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা।
দুদক কর্মকর্তারা সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌরসভার সামনে লেকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্মাণাধীন ওয়াকওয়ের সামনে থেকে তাকে আটক করেন।
আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে অবস্থিত লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান এই প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেখান থেকে কাজটি হাত বদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।
২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।
ঠিকাদারের অভিযোগ, কাজটি বাস্তবায়নের শুরু থেকেই আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খান (সিভিল) মোটা অংকের ঘুষ দাবি করে আসছেন। তার চাহিদামত ঘুষ না দেওয়ায় তিনি ঠিকাদারকে নানাভাবে হয়রানি করছেন এবং কাজটি সঠিকভাবে বাস্তায়ন করতে দিচ্ছেন না। ঠিকাদার শেখ নোমান রেজা ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মকর্তা রবিবার বেলা ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে অভিযান চালিয়ে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষের ১ লক্ষ টাকাসহ হাতেনাতে আটক করে। আটকের পর দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাস্তবায়নকারী ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খান একজন দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার। কাজের শুরু থেকেই সে ঘুষের টাকার জন্য নানাভাবে আমাদের হয়রানি করে আসছে। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীতে অভিযোগ দাখিল করি। আজ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।
দুদক সমন্বিত কার্যালয় পটুয়াখালীর সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের পর রবিবার আমরা আমতলীতে অভিযান পরিচালনা করি। এসময় ঘুষের ১ লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে আমতলী পৌরসভার সামনে থেকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার প্রস্তুতি চলছে। আটকের পর রবিবার দুপুরে তাকে আমতলী থানায় হস্তান্তর করে হেফাজতে রাখা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রুবেল খানকে দুদক পটুয়াখালীর কর্মকর্তারা আটক করে আমতলী থানায় সোপর্দ করে হেফাজতে রাখতে বলেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন