প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাবের গোয়েন্দা সদস্যদের ওপর হামলা এবং আটকে রেখে নির্যাতন করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের নেতা হিসাবে পরিচিত শফিক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায়, রবিবার গভীর রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ঝাউলাহাটি থেকে র্যাব-৯ এবং র্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শফিক ডাকাত নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের শহীদ ব্যাপারীর ছেলে।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় র্যাব-৯ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুন্নবী এই তথ্য জানান।
র্যাবের দাবি, শফিক ডাকাতের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, জমি দখল, মাদক, ধর্ষণ ও পর্নোগ্রাফি সহ মোট ১৫টি মামলা রয়েছে। এর পাশাপাশি তিনি ২০২১ সালে নবীনগরের রতনপুর ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় মাসুদ মিয়া হত্যার মামলাতেও আসামি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ মে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে র্যাবের চার সদস্যের একটি গোয়েন্দা দল বাঞ্ছারামপুরে যাওয়ার পথে নবীনগরের খাগাতুয়া গ্রামে পৌঁছালে শফিক ডাকাত ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায়। হামলার পর তাদের প্রায় তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করা হয়।
পরে অতিরিক্ত র্যাব সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত সদস্যদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত চার সদস্যের মধ্যে কনস্টেবল মালেক মাথায় গুরুতর আঘাত পান, হাবিলদার রাশেদের ডান হাত এবং কনস্টেবল কাজলের বাম হাত ভেঙে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
র্যাব জানায়, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে এর আগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু প্রধান আসামি শফিক ডাকাত দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। একটি ব্যাংক হিসাবের সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করা হয় এবং অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতার শফিক ডাকাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন