প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’ নামে পরিচিত এক হাতি গুরুতর আহত হয়ে মৃত্যু মোকাবেলা করছে। তার বর্তমান অবস্থা খুবই চিন্তার। পার্কের হাতিশালার হাতি ‘জয়িতা’ দ্বারা তার এই অবস্থা তৈরি হয়েছে। দেড় মাস ধরে চলমান চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং পাশাপাশি থাইল্যান্ড থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকও আনা হয়েছে।
চলতি বছরের ২৪ মে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ১০ বছর বয়সী রাজু বাহাদুরের ওপর হামলা করে ৪ বছর বয়সী হাতি জয়িতা। এই আক্রমণের ফলে রাজু বাহাদুরের একটি পা ভেঙে গেছে।
গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেছেন, হামলার শিকার হাতি রাজু বাহাদুর পার্কের হাতিশালায় শেকলে বাঁধা ছিল। পার্কে থাকা অন্য একটি হাতি থেকে ৪ বছর আগে জয়িতার জন্ম হয়। বাচ্চা হাতি হওয়ায় জয়িতাকে শেকলে বেঁধে রাখা হতনা। গত ২৪ মে সকালে শেকলে বাঁধা রাজু বাহাদুরের ওপর হঠাৎ করে জয়িতা আক্রমণ করে। শেকলে বাঁধা রাজু বাহাদুরের সামনে দুটি পা দু’দিকে ছড়িয়ে যায়, যার ফলে একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়ে আঘাতও রয়েছে। বর্তমানে রাজু বাহাদুর দাঁড়াতে পারছে না। চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় থাইল্যান্ড থেকে দুই সদস্যের মেডিকেল টিম আনা হয়েছে। বর্তমানে থাইল্যান্ড থেকে আসা মেডিকেল টিমের পরামর্শ ও দেশের মেডিকেল বোর্ডের যৌথ তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা চলছে। এছাড়া শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে।
চিকিৎসক আরও জানিয়েছেন, হাতিটির বর্তমান শারীরিক পরিস্থিতি একেবারে ভালো নয়। বড় প্রাণী দীর্ঘ সময় না দাঁড়াতে পারলে তার লিভারসহ অন্যান্য অর্গান নষ্ট হয়ে যায়। এদিকে অসুস্থতা ধীরে ধীরে বেড়ে যেতে থাকে।
পার্কের একটি সূত্র অনুসারে, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়নগঞ্জের কাঁচপুর থেকে ‘রাজু বাহাদুর’ নামের এই হাতিটিকে উদ্ধার করে। জনৈক এক ব্যক্তি হাতিটি নিয়ে বিভিন্ন বাজারে চাঁদাবাজির কাজে ব্যবহার করছিল। খবর পেয়ে বন বিভাগ হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজু বাহাদুরের বয়স ছিল ৯ বছর। কিন্তু এখন এর বয়স ১০ বছরের বেশি হয়ে গেছে।
ঘটনার বর্ণনায় পার্ক কর্তৃপক্ষ জানায়, গত ২৪ মে হাতিশালায় শেকলে বাঁধা অবস্থায় রাজু বাহাদুরের ওপর পার্কের অন্য একটি হাতি আক্রমণ করে। আক্রমণের ফলে সে মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালির ওপর রাখা হয়। অন্য হাতির আক্রমণে মাটিতে পড়ে যাওয়ার কারণে রাজু বাহাদুরের পা ভেঙে যাওয়ার বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এ ছাড়া এক্সরে মেশিনের মাধ্যমে হাতির পায়ের পরীক্ষা করা হয়েছে। আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়েছে। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত্বাবধানে রাজু বাহাদুরের চিকিৎসা অব্যাহত রয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, হাতিশালায় হাতিদের মধ্যে কখনো কখনো সংঘর্ষের ঘটনা ঘটে। অন্য একটি হাতি যদি এটিকে ধাক্কা দেয়, তা হলে সে মাটিতে পড়ে যায় এবং পায়ে আঘাত পায়। হাতিটি শেকলে বাঁধা ছিল। বর্তমানে সে দাঁড়াতে পারছে না। রাজু বাহাদুরের সার্বক্ষণিক চিকিৎসা থাইল্যান্ডের চিকিৎসক ও মেডিকেল বোর্ডের মাধ্যমে চলমান রয়েছে। পার্কে বর্তমানে রাজু বাহাদুরসহ মোট ১০টি হাতি রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন