প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখা অপরিহার্য।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রীর মতে, ১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রাম এবং শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় কোন একক গোষ্ঠীর চেতনা বিক্রির হাতিয়ার হতে পারে না। তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে যেন উসকানিমূলক ফাঁদে পা না দেওয়া হয়, সেই জন্য গণতান্ত্রিক চর্চা এবং সহনশীলতার মাধ্যমে রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কারের কাজ সম্পন্ন করতে হবে।
মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৮ আগস্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদে অধীনে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তা ছিল দেশের গণতন্ত্রকামী জনগণের আরাধনার ফল।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের জুলুম-নির্যাতন, গুম-খুন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন সাধিত হয়েছে। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতির মৃত্যু রাজধানীতে হয়েছে এবং দাফন করা হয়েছে দিল্লিতে। তাই চেতনা বিক্রির রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না।
মন্ত্রী রাষ্ট্রকাঠামোর গণতান্ত্রিক সংস্কার ও সংবিধান সংশোধনের ভবিষ্যত রূপরেখা তুলে ধরে বলেন, ভবিষ্যতে যাতে কোনো নির্বাচিত সরকার স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, সেজন্য সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান যুক্ত করা হবে। সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা হবে।
তিনি বলেন, পৃথিবীর সব গণতান্ত্রিক দেশের সংবিধানগুলো ধারাবাহিকভাবে সমাজের প্রয়োজনে এবং চাহিদার নিরিখে সংশোধন করা হয়েছে। তেমনি গণঅভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা পূরণে আমাদের সংবিধানও গণতান্ত্রিক উপায়ে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশ্যে বলেন, রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়ে উসকানিমূলক মন্তব্য করা উচিত নয়। বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের ফাঁদে ফেলার চেষ্টা চলছে এবং তিনি সকলকে ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সংক্রান্ত বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা প্রদান করে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদা, সম্মান ও সার্বভৌম সমতার ভিত্তিতে। তিনি আরও বলেন, এক দিকে ভারতের মাটিতে বসে দণ্ডিত এবং পলাতক আসামী শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য বা রাজনৈতিক অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া উচিত নয়। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কামনা করা হচ্ছে—এ দুটি অবস্থান একেবারেই বিপরীতমুখী। তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার এই বিষয়টি বুঝতে পারবে এবং ‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করবে।
ঢাবি সাদা দল এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় ঢাবি সাদা দলের আহ্বায়ক এবং ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এছাড়া সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যগণের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম, শহীদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন এবং শহীদ একরামুল হক সাজিদের মা নাজমা খাতুন লিপি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন