প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার নিহতদের স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত ও গ্রহণ করেছেন।
গত রোববার রাতে দেশটির রাজধানীর রং বিয়ার না লাট ফ্রাও বার ও রেস্তোরাঁয় লাইভ মিউজিক চলাকালীন আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়লে আতঙ্কগ্রস্ত মানুষ বেরিয়ে আসার চেষ্টা করেন। এ সময় অনেকের পোশাকে আগুন ধরে যায়।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, সোমবার ভোরে ২৭ জনকে মৃত ঘোষণা করা হয়, পরে একই দিনে আরও একজনের মৃত্যু ঘটে।
এদিকে, মঙ্গলবার সকালে ব্যাংককের চাতুচাক জেলা কার্যালয় জানায়, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে এবং এতে আহত হয়েছেন ৭৫ জন। তাদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার নিহতদের স্বজনরা তাদের প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে পুলিশ জেনারেল হাসপাতালে ভিড় করেন। এএফপির এক প্রতিবেদক জানান, একটি কফিনের ওপর ধূপকাঠি ধরে এক ব্যক্তিকে প্রার্থনা করতে দেখা গিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহত তিনজনের পরিচয় এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের পর ব্যাংককের গভর্নর চাডচার্ট সিট্টিপান্ট বলেছেন, ধারণা করা হচ্ছে বেশিরভাগ মানুষ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল এবং কেন তা এত প্রাণঘাতী হয়ে উঠেছিল, জানতে ফরেনসিক পুলিশ ধ্বংসস্তূপ পরিদর্শন করছে। তদন্তে সম্ভাব্য বৈদ্যুতিক ত্রুটি এবং জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, মধ্যরাতের আগে তারা ভেতরে ধোঁয়া দেখতে পান এবং হঠাৎ আলো নিভে যায়। এরপর বিস্ফোরণ ও তীব্র আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন আতঙ্কে বাইরে বের হওয়ার চেষ্টা করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উনসিত সামপুনথারাত মঙ্গলবার নিশ্চিত করেছেন যে, ওই বারের লাইসেন্স নিয়েও তদন্ত চলছে। বিশেষ করে সেখানে লাইভ মিউজিক আয়োজনের অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন