প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকা এবং জীবনযাপনেও নিয়ম মেনে চলা সত্ত্বেও অনেকের শরীরে ক্যানসার ধরা পড়ার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত অনুযায়ী, কিছু ক্যানসার প্রাথমিক পর্যায়ে স্পষ্ট কোনো সংকেত দেয় না; বরং নীরবে শরীরের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। লক্ষণগুলো যখন দৃশ্যমান হয়, তখন অনেক সময় দেরি হয়ে যায়। আর শুরুর দিকে দেখা দেওয়া সামান্য উপসর্গগুলোকে সাধারণ স্বাস্থ্য সমস্যার মতো ভেবে এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়।
এরকম ৫ ক্যানসার প্রসঙ্গে নিচে আলোচনা করা হলো:
অগ্ন্যাশয়ের ক্যানসার
অগ্ন্যাশয়ের আকার ছোট হওয়ায় এবং কোষ বিভাজনের গতি ধীর হওয়ায় প্রাথমিক অবস্থায় টিউমার ধরা পড়া কঠিন। ফলে রোগটি ছড়িয়ে পড়া শুরু করলে তা সহজে শনাক্ত করা যায় না।
খাওয়ার পর বুক জ্বালাপোড়া, বদহজম, পেটের ওপরের দিকে হালকা অস্বস্তি বা পিঠে ব্যথার মতো সামান্য উপসর্গ দেখা দিলে অনেকেই সেগুলোকে সাধারণ গ্যাস বা অ্যাসিডিটি মনে করে অ্যান্টাসিড গ্রহণ করেন।
ডিম্বাশয়ের ক্যানসার
পেলভিস অঞ্চলে ডিম্বাশয়ের অবস্থান সীমিত হলেও শুরুর দিকে টিউমার আশপাশের অঙ্গে চাপ সৃষ্টি করে না। এ কারণে শুরুতে এর উপস্থিতি টের পাওয়া যায় না। ক্যানসার কোষ বৃদ্ধি পেলে তলপেট ফোলা, অল্প খেলেই পেট ভরে যাওয়া অথবা ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে। অনেক নারী এসব উপসর্গকে হরমোনজনিত সমস্যা, গ্যাস বা কোষ্ঠকাঠিন্য বলে ভুল করেন।
ফুসফুসের ক্যানসার
ফুসফুসের অভ্যন্তরে ব্যথার অনুভূতি কম থাকায় শুরুর দিকে সেখানে ক্যানসার কোষ তৈরি হলেও তা বোঝা যায় না। প্রাথমিক পর্যায়ে ফুসফুস তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারে। টিউমার যখন শ্বাসনালির নিকটবর্তী হয়, তখন শ্বাসকষ্ট ও অন্যান্য উপসর্গ প্রকাশ পায়। শুরুতে হালকা কাশি, অতিরিক্ত ক্লান্তি অথবা সামান্য শ্বাসকষ্ট দেখা দিলে তা সাধারণ সর্দি-কাশি কিংবা অ্যালার্জির কারণে হতে পারে বলে মনে হতে পারে।
কোলন ক্যানসার
কোলন বা বৃহদন্ত্রের অভ্যন্তরের পরিসর তুলনামূলকভাবে চওড়া হওয়ায় ছোট পলিপ বা প্রাথমিক টিউমার শুরুতে বড় কোনো বাধা সৃষ্টি করে না। ক্যানসার কোষ ধীরে ধীরে কোলনের প্রাচীর ভেদ করে ছড়িয়ে না পড়া পর্যন্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা তীব্র ব্যথার মতো সমস্যা দেখা দেয় না। শুরুর দিকে সামান্য গ্যাস, মাঝে মাঝে পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার উপসর্গ দেখা দিতে পারে।
কিডনির ক্যানসার
টিউমার যথেষ্ট বড় না হওয়া পর্যন্ত কিডনির স্বাভাবিক কার্যক্রমে বড় কোনো ব্যাঘাত ঘটে না। তাছাড়া কিডনির ফিল্টার করার ক্ষমতা বেশি হওয়ায় এক অংশের কোষ ক্ষতিগ্রস্ত হলেও অন্য অংশ কার্যক্রম চালিয়ে যায়।
প্রাথমিক অবস্থায় মাঝে মাঝে কোমর বা পিঠের নিচের দিকে হালকা ব্যথা, সামান্য ক্লান্তি অথবা প্রস্রাবের রঙের সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। এসব লক্ষণকে অনেকেই ক্লান্তি বা কম পানি পানের ফল হিসেবে গুরুত্ব দেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন