প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন মাইকেল ক্যারিক। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ৪৫ বছর বয়সী এই কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমের শুরুতে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্যই ক্যারিককে কোচের দায়িত্ব থেকে সরানো হয়েছে।
ক্যারিকের বিদায় যে সময়ের ব্যাপার, তা বেশ কিছুদিন ধরে অনুমান করা হচ্ছিল। তার উত্তরসূরির সন্ধানও ইতোমধ্যে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনতে কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন মাউরিসিও পচেত্তিনো।
চলতি বছরের জানুয়ারিতে এরিক টেন হ্যাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্লাবের কিংবদন্তি ক্যারিক। ২০২৫-২৬ মৌসুমের বাকি ১৭ ম্যাচের মধ্যে ১২টিতে জয় এনে তিনি দলকে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে নিয়ে গিয়েছিলেন। ওই সময়ে লিগের অন্য যেকোনো দলের চেয়ে বেশি পয়েন্টও সংগ্রহ করেছিল ইউনাইটেড। এরপর চলতি মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে স্থায়ীভাবে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় তাকে।
তবে চলতি মৌসুমে পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রিমিয়ার লিগে ২০ দলের মধ্যে ১৮তম স্থানে রয়েছে ইংলিশ জায়ান্টরা, অর্থাৎ অবনমন অঞ্চলে অবস্থান করছে দলটি। গত আগস্টের পর লিগে আর কোনো জয়ের দেখা পায়নি রেড ডেভিলরা। অন্যদিকে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগেও তাদের অবস্থান ১৭তম।
ক্যারিকের উত্তরসূরি হিসেবে টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ পচেত্তিনোর সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে ক্লাবটির সমঝোতা বেশ কিছুদিন আগে হয়ে গেছে বলে জানা গেছে। ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন পচেত্তিনো। তবে তার চুক্তিতে প্রায় ৯০ লাখ ইউরোর (১২৫ কোটি টাকা) একটি রিলিজ ক্লজ রয়েছে।
এই রিলিজ ক্লজের কারণে দ্রুতই পচেত্তিনোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন কোচ হিসেবে অভিষেক হতে পারে তার।
অন্যদিকে, ক্যারিক এখন নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধানে বের হতে পারেন। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব মিডলসব্রোর কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন