প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ওপর আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপের বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে সোমবার থেকে জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিতর্কে অংশগ্রহণ করবেন। সমালোচকরা এই অস্ত্রগুলোকে ‘কিলার রোবট’ বা প্রাণঘাতী রোবট হিসেবে অভিহিত করেছেন। যুদ্ধক্ষেত্রে এই ধরনের অস্ত্রের ব্যবহার ক্রমবর্ধমান হওয়ায় উদ্বেগও বৃদ্ধি পাচ্ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির মাধ্যমে সামরিক সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে বিভিন্ন দেশের সেনাবাহিনী। এর ফলে যুদ্ধের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। এআই প্রযুক্তির সাহায্যে আগের তুলনায় আরও দ্রুত এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত ও আঘাত হানার সক্ষমতা অর্জনের চেষ্টা চলছে।
তবে মানবাধিকারকর্মী, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং পোপ চতুর্দশ লিওসহ অনেকেই সতর্ক করেছেন যে, সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার ফলে বিপদ সৃষ্টি হতে পারে।
আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) অস্ত্র ও যুদ্ধ পরিচালনা ইউনিটের প্রধান লরাঁ জিসেল মন্তব্য করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের কারণে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সময় রাশিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় ড্রোন ব্যবহার করেছে, যা প্রাণঘাতী প্রভাব ফেলতে সক্ষম। অন্যদিকে, ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্পও স্বয়ংক্রিয় ‘ড্রোনের ঝাঁক’ তৈরির চেষ্টা করছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, চলতি সপ্তাহে জেনেভায় প্রচলিত অস্ত্রবিষয়ক জাতিসংঘ কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত না হলে বেসামরিক জনগণের জন্য ভয়াবহ ঝুঁকি সৃষ্টি হবে।
এই সম্মেলনে ১২৮টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তারা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থার ওপর আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
কঠোর নিয়ন্ত্রণে অনীহা শক্তিধর দেশগুলোর
অনেক দেশ স্বয়ংক্রিয় অস্ত্রের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের পক্ষে থাকলেও, পারমাণবিক অস্ত্রের মতো উন্নত সামরিক প্রযুক্তির ক্ষেত্রে দেখা যায় যে, যেসব দেশ এসব প্রযুক্তির মালিক বা ব্যবহারকারী, তারা নিজেদের সামরিক সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপে অনাগ্রহী।
গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এতে ১৬৩টি দেশ সমর্থন জানিয়েছে।
তবে পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। দেশগুলো হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, বেলারুশ, ইসরাইল ও উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া গত সপ্তাহে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন একটি টর্পেডো ব্যবস্থা তৈরির কথা জানিয়েছে।
এছাড়া ইরান, সৌদি আরব ও চীনসহ নয়টি দেশ ভোটদানে বিরত ছিল।
ফ্রান্সের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের গবেষক লর দ্য রুসি-রশগন্দ মন্তব্য করেছেন যে, চীন এ বিষয়ে ‘সতর্কভাবে তৈরি করা অস্পষ্ট অবস্থান’ বজায় রেখেছে।
যুক্তরাষ্ট্র পাঁচ বছরের মেয়াদি একটি প্রক্রিয়ার মাধ্যমে আইনগতভাবে বাধ্যতামূলক নয়—এমন একটি আন্তর্জাতিক দলিল তৈরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, বিভিন্ন বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ বিষয়ে এক বছরের মধ্যে আলোচনা শেষ করার পক্ষে।
২০২৩ সালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগার ২০২৬ সালের আগেই স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
আইসিআরসি স্বয়ংক্রিয় অস্ত্রের দুটি শ্রেণি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে—যেসব স্বয়ংক্রিয় অস্ত্রের আচরণ বা কার্যক্রম পূর্বে অনুমান করা যায় না এবং যেসব অস্ত্র সরাসরি মানুষকে লক্ষ্যবস্তু করার জন্য তৈরি বা ব্যবহার করা হয়।
তবে আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী সামরিক শক্তিগুলোর বিরোধিতার কারণে চলতি সপ্তাহের সম্মেলনে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের আলোচনা শুরুর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন