প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীতে একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন জোহান (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় তার স্ত্রী সেতু আক্তার গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত জোহান ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন এবং বলেছেন, দুর্ঘটনার পর পিকআপের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চালককে শনাক্ত করা এবং গ্রেপ্তারে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক জোহান ঘটনাস্থলেই মারা যান এবং তার স্ত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত সেতুকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক জানান, তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শী লিটন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা আহত নারীকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে দেখেন নিহত জোহানের মরদেহ পাশের পানিতে পড়ে রয়েছে, তখন পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজন আকরামুল হক বিপ্লব বলেন, আমার বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা আমাদের বাড়িতে এসেছিল। অনুষ্ঠান শেষে দুজন মোটরসাইকেলে করে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে পথেই এই দুর্ঘটনার শিকার হন। তাদের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন