প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড জানিয়েছেন, সাবেক সতীর্থ উসমান খাজার সঙ্গে তার সম্পর্ক কখনও খুব ঘনিষ্ঠ ছিল না। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে বিতর্ক নতুন করে উসকে দেওয়া আত্মজীবনী প্রকাশের পরেও খাজার প্রতি তার মধ্যে কোনো ক্ষোভ নেই।
সম্প্রতি প্রকাশিত বই ‘সবর’-এ খাজা উল্লেখ করেছেন, দক্ষিণ আফ্রিকা সফরে বল ঘষতে স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে শুধু শাস্তিপ্রাপ্ত তিন ক্রিকেটারই নয়, দলের আরও সদস্যরা জানতেন।
তবে হ্যাজলউড বরাবরের মতো বলেছেন যে তিনি এ পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না। ৩৫ বছর বয়সী এই পেসার মনে করেন, দলের বাইরে খাজার সঙ্গে তার সীমিত মেলামেশা হয়তো এ বিষয়ে কোনো আলোচনা তার কানে না পৌঁছানোর কারণ।
নিউজ কর্প পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড বলেন, “যেকোনো কর্মপরিবেশে, সেটা খেলাধুলা হোক বা অফিস, ২০ জনের দলে এমন দুই-তিনজন থাকেই যাদের সঙ্গে ব্যক্তিগতভাবে খুব একটা সময় কাটে না।”
তিনি যোগ করেছেন, “পেশাগতভাবে আমরা একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতাম। আমি কখনও তাদের ঘৃণা করিনি বা এড়িয়ে চলিনি। তবে তাদের সঙ্গে আলাদা করে সময় কাটানোর চেষ্টাও করিনি।”
হ্যাজলউড আরও বলেন, “ওই সময় দলটা খুব ঘনিষ্ঠ ছিল না। এখন বোলার ও ব্যাটারদের মধ্যে বিভক্তির কথা বলা হচ্ছে। তখন হয়তো কিছুটা হলেও সেটি সত্য ছিল।”
খাজার বই প্রকাশ কিংবা এর সময় নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন হ্যাজলউড।
তিনি বলেন, “বইটির কোনো কিছুই আমার খারাপ লাগেনি। যদি সে এভাবেই ঘটনাগুলো তুলে ধরতে চায় এবং নিজের গল্প বলতে চায়, তাহলে সেটা তার ব্যাপার।”
এদিকে নতুন করে শুরু হওয়া বিতর্কের ইতি টানার চেষ্টা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার সংস্থাটি ঘোষণা দিয়েছে, ২০১৮ সালের ঘটনায় জড়িত বা সংশ্লিষ্ট সব খেলোয়াড়কে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে একটি স্বাধীন ফোরাম আয়োজন করা হবে, যেখানে তারা কোনো শাস্তির ভয় ছাড়াই ওই ঘটনার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও তথ্য জানাতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন