প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়া পাড়া সীমান্ত দিয়ে আবারও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। স্থানীয় গ্রামবাসীরা ও বিজিবির সূত্র জানায়, শুক্রবার (১০ জুলাই) রাতের ঘটনায় ভুটিয়া পাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ সাব-পিলার দিয়ে বিএসএফ ৫ জনকে বাংলাদেশ ভুখন্ডে পাঠানোর চেষ্টা করে। ভোরে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে গ্রামবাসীরা তাদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন। এ সময় বাকি ২ জনকে পাওয়া যায়নি। আটক হওয়া বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তার সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। তবে এই ঘটনায় আর একজন নারী রয়েছেন, যার বাড়ি নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায়। স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, মোট পাঁচজনকে পুশইন করা হয়েছিল। এর মধ্যে তিনজনকে আটক করা গেলেও বাকি দুইজনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত তথ্য দিতে পারেননি। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর ১ টায় ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন ও বিএসএফ এর ১২৩ এর কমান্ডেন্ট অফিসার গুরিন্দর সিংয়ের নেতৃত্বে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও পুশইন নিয়ে কী ধরনের আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এখনো তারা শূন্যরেখাতেই অবস্থান করছেন। সিদ্ধান্তের বিষয়টি আরও পরে জানানো হবে বলে জানান ১৪ বিজিবির শীর্ষ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন