প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
‘খামারি বাঁচলে বাঁচবে দেশ’ এবং ‘সৃষ্টি হবে কর্মসংস্থান, স্বনির্ভর হবে বাংলাদেশ’- এই দুটি গুরুত্বপূর্ণ স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলার মাদরাসা মার্কেটের তৃতীয় তলায় কেক কাটার মাধ্যমে, ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে এই নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
নতুন এই কার্যালয় চালু হওয়ার ফলে রাজশাহী বিভাগের প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামারিদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এছাড়াও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় পোল্ট্রি খামারিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের মূল পর্বে রাজশাহী বিভাগীয় কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা ও শীর্ষ নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন উপস্থিত খামারিদের সর্বসম্মতিক্রমে রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে মো. জিল্লুর রহমান বাবলা, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. তারিকুল ইসলাম সাজুর নাম ঘোষণা করেন। নতুন এই কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত খামারিরা।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোল্ট্রি খামারি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম লিটন দেশের অর্থনীতি এবং পুষ্টি নিরাপত্তায় পোল্ট্রি খাতের অপরিসীম গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে পোল্ট্রি খামারিরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। প্রান্তিক খামারিদের ন্যায্য অধিকার আদায়, পোল্ট্রি ফিড ও বাচ্চার বাজার নিয়ন্ত্রণ এবং খামারিদের যেকোনো সংকটে ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই সংগঠন কাজ করে যাচ্ছে। রাজশাহী বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের খামারিদের দীর্ঘদিনের একটি সাংগঠনিক দাবি পূরণ হলো। এই কার্যালয়টি খামারিদের সুখ-দুঃখ ও সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে শৈলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পোল্ট্রি শিল্পের প্রসারে স্থানীয় পর্যায়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পোল্ট্রি খাত দেশের বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। খামারিরা টিকে থাকলে গ্রামীণ জনপদে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশ অর্থনৈতিকভাবে আরও স্বনির্ভর হয়ে উঠবে।
সভাপতির বক্তব্যে সদ্য ঘোষিত রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মো. জিল্লুর রহমান বাবলা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সব খামারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, নওগাঁয় বিভাগীয় কার্যালয় স্থাপিত হওয়ায় এখন থেকে রাজশাহী বিভাগের সব জেলার খামারিরা সহজেই সাংগঠনিক ছায়াতলে আসতে পারবেন।
এ সময় নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সেন্টু এবং সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম সাজুসহ সবাইকে সঙ্গে নিয়ে খামারিদের স্বার্থরক্ষায় নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং দেশের পোল্ট্রি শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি ও খামারিদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন